ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডুবোচরের কারণে যেতে না পেরে দৌলতদিয়া ঘাটের অদূরে নোঙর করে রাখা পণ্যবাহি জাহাজ। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ডুবোচরের কারণে যেতে না পেরে দৌলতদিয়া ঘাটের অদূরে নোঙর করে রাখা পণ্যবাহি জাহাজ। গতকাল তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে আসা অন্তত ১২টি পণ্যবাহী জাহাজ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে। দুটি স্থানে ডুবোচর জেগে ওঠায় গন্তব্য পাবনার বাঘাবাড়ীতে যেতে পারছে না জাহাজগুলো। বিআইডব্লিউটিএ বলছে, জাহাজগুলো ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহন করায় সমস্যা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবারসরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে আফছার শেখের পাড়া এলাকায় এমভি পোটন-২, এমভি পোটন-৩, এমভি রপ্তি, এমভি মাস্টার সুমন, এমভি প্রিন্স, এমভি নিউ পারভীন-২, এমভি শেখ এন্টার প্রাইজ, এমভি তমাল-১, এমভি খিজিরসহ প্রায় এক ডজন পণ্যবাহী জাহাজ থেমে আছে। সার ও কয়লাসহ বিভিন্ন মালামালভর্তি এসব জাহাজ এক সপ্তাহ ধরে এখানে নোঙর করে রেখেছেন চালকেরা। এ ছাড়া এমভি গোলাপ-৬, এমভি এসটিএস-১, এমভি আম্মু হালিমা, এমভি আল ইনসান ও এমভি তিসা নামক পাঁচটি জাহাজ এক সপ্তাহ থেমে থাকার পর গত বুধবার গন্তব্যে ছেড়ে যায়।

এমভি প্রিন্স জাহাজের চালক মো. বিপ্লব মিয়া বলেন, ১১ নভেম্বর মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৫০ মেট্রিক টন সার নিয়ে বাঘাবাড়ীর উদ্দেশে ছেড়ে আসেন। কিন্তু পাবনা জেলার শুরুতেমোল্যার চর ও লতিফপুর এলাকায় নদীতে পানি কমে যাওয়ায় ডুবোচর জেগে উঠেছে। ফলে সরাসরি সেখানে যাওয়া যাচ্ছে না। এখন দৌলতদিয়ায় প্রায় চার হাজার টন সার খালাস করতে হবে। এরপর বাঘাবাড়ীতে যাওয়া যাবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ৮ নভেম্বর পর্যন্ত দৌলতদিয়া-বাঘাবাড়ী নৌপথ স্বাভাবিক ছিল। ৯ নভেম্বর রাত থেকে আর সরাসরি জাহাজ চলতে পারছে না। কারণ, পণ্যবাহী কার্গো জাহাজ চলতে পানির গভীরতা ১১-১২ ফুট প্রয়োজন। মোল্যার চর ও লতিফপুর এলাকায় আছে ৯-১০ ফুট। ফলে জাহাজ দৌলতদিয়ায় নোঙর করে পণ্যের একাংশ খালাস করে বাঘাবাড়ীতে নেওয়ার উপযোগী করা হচ্ছে।

চট্টগ্রামের বন্দর থেকে সার নিয়ে আসা এমভি পোটন-২-এর প্রধান মাস্টার মো. মোস্তফা খোন্দকার বলেন, মোল্যার চর ও লতিফপুর এলাকায় নদীর ২০০ ফুট এলাকা খনন করলেই জাহাজগুলো বিদ্যমান বোঝাই নিয়ে বাঘাবাড়ী যেতে পারত।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের উপপরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ) আবদুস সালাম বলেন, জাহাজগুলো ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বোঝাই নিচ্ছে। এতে করে সরাসরি চলতে পারছে না। তারপরও বিআইডব্লিউটিএ নদীতে জরিপকাজ চালাচ্ছে। প্রয়োজনে সেখানে খনন করা হবে।