
পাটুরিয়া-বাঘাবাড়ী নৌপথে নাব্যসংকটের কারণে চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী কার্গো রাজবাড়ীর দৌলতদিয়ায় আটকে আছে। পাবনার মোল্যার চর, চয়রাসহ দোহারের মেঘলা বাজার এলাকায় ডুবোচরের কারণে পণ্যবাহী কার্গো সরাসরি সিরাজগঞ্জের বাঘাবাড়ী পৌঁছাতে পারছে না। এসব কার্গো দৌলতদিয়ায় বিরতি দিয়ে কিছু পণ্য খালাস করে বাঘাবাড়ীর উদ্দেশে ছেড়ে যাচ্ছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলছে এ অবস্থা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে মানিকগঞ্জের পাটুরিয়া বা রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথের দূরত্ব প্রায় ৩৭০ কিলোমিটার। দৌলতদিয়া বা পাটুরিয়া থেকে পাবনার কাজিরহাটের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। কাজিরহাট থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ীর দূরত্ব আরও প্রায় ৩০ কিলোমিটার। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে বাঘাবাড়ী পর্যন্ত নৌপথের দূরত্ব প্রায় ৪২০ কিলোমিটার। এই নৌপথ দিয়ে চট্টগ্রাম থেকে বাঘাবাড়ী আসতে সময় লাগে প্রায় চার দিন। নৌপথের দোহারের মেঘলা বাজার, পাবনার মোল্যার হাট, চয়রাসহ সিরাজগঞ্জের মোট চারটি স্থানে ডুবোচর দেখা দিয়েছে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পাশে বাহির চরে নোঙর করে রয়েছে অর্ধশত কার্গো। এতে ইউরিয়া, টিএসপি, কয়লা, সিমেন্টের কাঁচামালসহ নানা পণ্য রয়েছে। কার্গো থেকে স্থানীয় শতাধিক শ্রমিক পণ্য খালাস করে বলগেট ও ট্রলারে তুলছেন। এ সময় এমভি আন্তিক, এমভি বাঘাবাড়ী, এমভি মাস্টার নিয়াজ-১, এমভি রুমাইছা হক, এমভি সামির মুহাম্মদ-১, এমভি সুগন্ধা-১, এমভি গাজীপুরসহ কয়েকটি কার্গো অন্তত এক সপ্তাহ ধরে এখানেই আটকে আছে।
এমভি উম্মে হাবিবার মাস্টার আবদুর রাজ্জাক বলেন, ২৬ নভেম্বর চট্টগ্রাম থেকে ৮০০ টন টিএসপি সার নিয়ে পাবনার নগরবাড়ীর উদ্দেশে রওনা দেন। পথে দোহারের মেঘলা বাজারের কাছে ডুবোচর জেগে ওঠায় ঝুঁকি নিয়ে আসেন। এ ছাড়া পাবনার কাজিরহাটের কাছে মোল্যার চরে ডুবোচর রয়েছে। এ কারণে সরাসরি যাতায়াত করা যাচ্ছে না। দৌলতদিয়ায় বিরতি দিয়ে প্রায় ২০০ টন সার বলগেট বা ট্রলারে কমানোর পর চলাচলের উপযোগী করে আবার রওনা করতে হচ্ছে। এ জন্য এক সপ্তাহ সময় অপেক্ষা করতে হচ্ছে।
এমভি এ কে এম শাহনেওয়াজের চালক ছিদ্দিকুর রহমান বলেন, ডুবোচর সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে আসতে হয়। তিনি ২৩ নভেম্বর চট্টগ্রাম থেকে ৮৫০ টন টিএসপি সার নিয়ে রওনা দেন। মোল্যার চর এলাকায় পানির গভীরতা কম থাকায় দৌলতদিয়ায় এক সপ্তাহ যাত্রাবিরতি দিয়ে প্রায় ২৫০ টন সার আনলোড করে রওনা দিতে হবে। এসব কারণে কার্গো ও সারের মালিককে বাড়তি খরচ গুনতে হচ্ছে।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক (নৌসপ) আবদুস সালাম বলেন, ‘পাটুরিয়া-বাঘাবাড়ীর ৫০ কিলোমিটার নৌপথের মোল্যার চর, চয়রাসহ তিনটি স্থানে ডুবোচরের সৃষ্টি হয়েছে। শিগগিরই খননকাজ শুরু হবে বলে আশা করছি।’