ডুবোসড়ক কেটে খাল নির্মাণ, দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ঘুলুয়া-রাজাপুর ডুবোসড়ক কেটে খাল নির্মাণ করা হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ঘুলুয়া-রাজাপুর ডুবোসড়ক কেটে খাল নির্মাণ করা হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

দীর্ঘ ছয় বছর সংস্কার না করায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ঘুলুয়া-রাজাপুর ডুবোসড়কের বিভিন্ন স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। তিনটি স্থান কেটে মাছ ধরার জন্য খাল নির্মাণ করায় সড়কের কয়েকটি স্থান ভেঙে গেছে। এতে সড়কের অর্ধেক অংশ দিয়ে মানুষ চলাচল করতে পারছে না। সড়কের এই দুরবস্থার কারণে উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুলুয়া-রাজাপুরে সড়কের দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। এটি উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামের সামনে থেকে রাজাপুর গ্রামের সামনের সড়ক পর্যন্ত চলে গেছে। শুষ্ক মৌসুমে এই সড়ক দিয়ে এখানকার সুখাইড় রাজাপুর দক্ষিণ ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ চলাচল করে। এটি উপজেলার ধারাম হাওরের তীর ঘেঁষে অবস্থিত। বর্ষাকালে সড়কটি পানির নিচে থাকে।
এলাকাবাসী জানান, গত ছয় বছর সংস্কারের কাজ না করায় সড়কের নানা স্থানে অসংখ্য ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় কিছু লোক চার বছর আগে ওই পাকা সড়কটির হুলাসখালী গ্রামের সামনে থেকে রাজাপুর গ্রামের সামনে পর্যন্ত তিনটি স্থান কেটে খাল তৈরি করে মাছ শিকার করে। এতে এসব স্থান ভেঙে যাওয়ায় স্থানীয় লোকজনকে হুলাসখালী গ্রামের সামনে দিয়ে কংশ নদ পার হয়ে প্রায় আধা কিলোমিটার ঘুরে রাজাপুর বাজারে যেতে হচ্ছে।
২২ জানুয়ারি বেলা দুইটায় সরেজমিনে দেখা যায়, ঘুলুয়া গ্রামের সামনে থেকে শুরু করে সড়কের বেশ কিছু স্থান হাওরের প্রবল ঢেউয়ে বিলীন হয়ে গেছে। ওই সড়কের বেশির ভাগ স্থানেই ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বেশ কিছু স্থানে রড বেরিয়ে আছে। হুলাসখালী গ্রামের সামনে থেকে রাজাপুর গ্রামের সামনে পর্যন্ত আড়াই কিলোমিটারে তিনটি খাল রয়েছে। মানুষজন এই অংশ দিয়ে চলাচল করতে পারছে না।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী বলেন, সড়কটির ওপর দিয়ে এখানকার দুটি ইউনিয়নের মানুষজনকে উপজেলা সদরে আসতে হয়। সড়কটির অর্ধেক অংশ যান চলাচলের অনুপযোগী। ছয় বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এটির অবস্থা দিনের পর দিন আরও খারাপ হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান বলেন, ‘এই সড়ক দিয়েই আমাকে বাড়ি যেতে হয়। বেশ কয়েক বছর ধরে সড়কটি অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। আমি এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। সড়কটি সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, খোঁজ নিয়ে এ সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।