মেঘনা নদীতে ডুবোচর পড়ায় চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ডুবোচরে আটকে পড়ার আশঙ্কা থাকায় এ নৌপথের বহইরা-হরিনা চ্যানেল দিয়ে এখন নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ পথের ফেরি ও লঞ্চগুলো অতিরিক্ত ১৫ কিলোমিটার ঘুরে চলাচল করছে। এতে সময় ও অর্থের অপচয় হওয়ার পাশাপাশি এ পথ দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নরসিংহপুর ঘাট থেকে ফেরি ছেড়ে চাঁদপুরের হরিনা ঘাটে যায়। আগে মেঘনা নদীর বহইরা-হরিনা চ্যানেল দিয়ে ফেরি ও লঞ্চ চলাচল করত। এ চ্যানেল দিয়ে ফেরি ও লঞ্চগুলোতে এক ঘাট থেকে আরেক ঘাটে যেতে ১২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। এ চ্যানেলের দুই কিলোমিটার এলাকায় পলি জমে ডুবোচর পড়েছে। এতে এ চ্যানেল দিয়ে বর্তমানে কোনো নৌযান চলাচল করতে পারছে না। লঞ্চ ও ফেরি অতিরিক্ত ১৫ কিলোমিটার ঘুরে ডিয়ারা চ্যানেল হয়ে চলাচল করছে। বিআইডব্লিউটিএ সূত্রে আরও জানা গেছে, অতিরিক্ত পথ পাড়ি দিতে হয় বলে ফেরিগুলোর প্রতি ট্রিপে ১০০ লিটার ডিজেল বেশি লাগছে। আগে এক ঘণ্টা ১৫ মিনিট থেকে দেড় ঘণ্টায় ফেরি এক ঘাট থেকে অন্য ঘাটে পৌঁছে যেত। এখন তিন ঘণ্টা থেকে সাড়ে তিন ঘণ্টা লেগে যাচ্ছে। প্রতিদিন সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত দুই থেকে তিনবার ফেরিতে যানবাহন পারাপার হয়। আগে এ পথে কুমিল্লা ও কেতকী নামে দুটি ফেরি যাত্রী ও মালবাহী গাড়ি পারাপার করত। দীর্ঘদিন যাবৎ কুমিল্লা নামের ফেরিটি চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ব্যবসায়ীরা ঢাকার ওপর যানবাহনের চাপ কমানোর জন্য এ নৌপথ ব্যবহার করছে। এ জন্যই চট্টগ্রাম ও মংলা বন্দরের পণ্যবাহী ট্রাক এ নৌপথের ফেরি দিয়ে পারাপার হয়। এখন সমস্যা দেখা দেওয়ায় ব্যবসায়ীরা অতিরিক্ত রাস্তা ঘুরে ঢাকা হয়ে ট্রাকযোগে চট্টগ্রাম ও মংলা বন্দরে পণ্য পরিবহন করছেন।শতাব্দী পরিবহনের বাসচালক মোসলেম মিয়া বলেন, ‘জনপ্রিয় একটি আঞ্চলিক মহাসড়ক ফেরি-সংকট ও খনন না হওয়ার কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমাদের গাড়িতে আগের মতো এখন আর যাত্রী আসছে না।’ বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, এ নৌপথের বহইরা-হরিনা চ্যানেলের সাড়ে তিন কিলোমিটার খননের উদ্যোগ নেওয়া হয়েছে। মাল্টিপল ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে খননকাজে নিয়োগ দেওয়া হয়েছে। খননযন্ত্র (ড্রেজার মেশিন) নষ্ট হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো কাজ শুরু করতে পারেনি। শরীয়তপুরের নির্মাণসামগ্রী ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, চট্টগ্রামের সঙ্গে পণ্য পরিবহনের একটি সহজ রাস্তা এটি। এখন মেঘনায় ডুবোচর পড়ায় ঢাকা ঘুরে পণ্যসামগ্রী পরিবহন করতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (খনন) মহিদুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে দ্রুত খননকাজ চালু করার উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, বহইরা-হরিনা চ্যানেলে খননকাজ শেষ হলে এ নৌপথে ফেরির সংখ্যা বাড়ানো হবে।