ডুবোচরে আট ঘণ্টা ফেরি আটকে যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের গুরুত্বপূর্ণ স্থান কবুতরখোলা পয়েন্টের ডুবোচরে যানবাহন ও যাত্রী নিয়ে রুহুল আমিন নামে একটি ফেরি গত বৃহস্পতিবার রাতে আটকা পড়ে। ফেরিটি উদ্ধারে রাতেই একটি উদ্ধারকারী নৌযান গেলে সেটিও আটকে যায়। গতকাল শুক্রবার সকালে জোয়ারে পানি বৃদ্ধি পেলে ফেরি এবং উদ্ধারকারী নৌযান দুটিকেই উদ্ধার করা হয়। আট ঘণ্টা মাঝনদীতে ফেরিটি আটকে থাকার কারণে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। নাব্যতা সংকটের কারণে এখন এই পথে ফেরি ও লঞ্চ চলাচল দুটোই হুমকির মুখে। সামনে ঈদ এমন পরিস্থিতিতে সংকট সৃষ্টি হলে ঘরমুখী যাত্রীরা দুর্ভোগ ও বিড়ম্বনায় পড়তে পারেন। গতকাল সরেজমিনে মাওয়া ঘাটে গিয়ে দেখা যায়, ফেরি ও লঞ্চ—দুই ঘাটেই যাত্রীরা পারাপারের জন্য অপেক্ষা করছেন। পদ্মায় প্রচণ্ড স্রোত ও ঢেউ। এ সময় ফেরিঘাটে খুলনা-দাকোপের বাসিন্দা বাসযাত্রী নজরুল ইসলাম বলেন, ‘এখানে এসে শুনলাম গত রাতে একটি ফেরি সারা রাত ডুবোচরে আটকে ছিল। ডুবোচরের কারণে লঞ্চের চ্যানেলও বন্ধ। এখন অনিশ্চিত যাত্রা করছি। সময়মতো ফেরি কি ওই পারে যেতে পারবে। নাকি মাঝনদীতে আটকে যাবে।’বৃহস্পতিবার রাতে ওই ফেরিতে আটকে পড়া যাত্রী কলেজছাত্র সাইফুল ইসলাম জানান, ‘মাওয়া ঘাট থেকে রাত ১০টার দিকে ফেরিটি ছেড়ে যাওয়ার পরে সাড়ে ১০টার দিকে চরের মধ্যে আটকে যায়। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ গেলে সেটিও আটকে যায়। একপর্যায়ে ফেরির চালক একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। এ সময় ক্ষুব্ধ যাত্রীরা সেই কক্ষ ভাঙচুর করেন, চালককে উঠতে বাধ্য করেন। রাতে রোজাদার ব্যক্তিদের দ্বিগুণ দামে খাবার কিনে সেহির খেতে হয়েছে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা নদীর মাওয়া-কাওড়াকান্দি পথটি পলি পড়ে সরু হয়ে গেছে। এর মধ্যে চ্যানেলটিতে রাতে চলাচলের জন্য নেই কোনো বিকন বাতি। আর দিনের বেলায় মার্কার চিহ্ন। বিকন বাতি ও মার্কার চিহ্ন না থাকায় মাস্টারদের তাই ভয়ে ভয়ে লঞ্চ ও ফেরি চালাতে হয়।সূত্র আরও জানায়, এই পথে ফেরি প্রায় সময় ডুবোচরে আটকে যাচ্ছে। ডুবোচরের কারণে লৌহজং-মাগুরখণ্ড লঞ্চ চলাচলের চ্যানেল বন্ধ হয়ে গেছে। এখন ফেরি চলাচলের চ্যানেল দিয়ে ঝুঁকি নিয়ে লঞ্চ চলাচল করছে। যাত্রীদের আশঙ্কা, ফেরি ও লঞ্চ একই চ্যানেলে চলাচল করায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান বলেন, প্রায় সময় ফেরির তলা ওই ডুবোচরে আটকে যাচ্ছে। শিগগিরই ড্রেজিংয়ের ব্যবস্থা না করলে ফেরি চলাচল একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। কেন ড্রেজিং করা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ড্রেজিং করার দায়িত্ব বিআইডব্লিউটিএর। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মো. বদরুল আলম বলেন, শিগগিরই ড্রেজিং করা হবে। তাঁদের একটি দল এই বিষয়ে একটি জরিপ কাজ সম্পন্ন করেছে।