মাওয়া-কাওড়াকান্দি নৌপথে প্রায় ২৪ ঘণ্টা আটকে থাকা একটি ফেরি উদ্ধারের মাত্র দুই ঘণ্টা পর পদ্মার কাউলিয়া এলাকায় আটকে যায় আরেকটি ফেরি। পরে সেটিও উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নাব্যতা সংকট ও ডুবোচরের কারণেই মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচলে এই সমস্যা হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। পণ্য পরিবহনেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, গত শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কাওড়াকান্দি ঘাট থেকে ছাড়া ফেরি ‘ভাষা শহীদ বরকত’ ২০টি যান নিয়ে পদ্মার ডুবোচরে আটকা পড়ে। পরে দুটি উদ্ধারকারী জাহাজ প্রায় ২৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল শনিবার ভোরে ফেরিটিকে উদ্ধার করে।‘ভাষা শহীদ বরকত’ উদ্ধার করার দুই ঘণ্টা পর আবার আটকে যায় মাওয়া থেকে ছেড়ে যাওয়া ‘শাহ মখদুম’ ফেরিটি। এতে ১৮টি যাত্রীবাহী গাড়ি ও একটি ট্রাক এবং ছয় শতাধিক যাত্রী ছিল। দীর্ঘ সময় প্রচণ্ড রোদে আটকে থেকে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে সন্ধ্যায় ফেরিটিকে উদ্ধার করা হয়। সূত্র জানায়, নাব্যতা সংকট ও ডুবোচর এড়াতে ফেরিগুলোকে অনেকটা ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে সময় বেশি লাগছে। আর ঘাটের দুই পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।কুষ্টিয়াগামী যাত্রী সোনিয়া বলেন, ‘আমি দাদিকে নিয়ে বাড়ি যাচ্ছি। প্রচণ্ড রোদে দীর্ঘ সময় ফেরিতে আটকে থেকে আমার দাদি অসুস্থ হয়ে পড়েছেন।’বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক প্রথম আলোকে বলেন, ‘নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে ফেরিগুলো বারবার আটকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দুটি ফেরি আটকে যায়। উদ্ধারকারী জাহাজ দিয়ে সেগুলো উদ্ধার করা হয়।’