ডুবোচরে আটকা পড়ছে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুবোচর পড়ায় রাজবাড়ীর দৌলতদিয়া থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নদীপথে ট্রলার, মালবাহী কার্গোসহ বিভিন্ন নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। পানি কম থাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সারবোঝাই জাহাজগুলো দৌলতদিয়ায় নোঙর করে মালামাল নামাচ্ছে। এতে উত্তরাঞ্চলের জেলাগুলোতে সময়মতো সার পৌঁছানো সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।গতকাল শুক্রবার সরেজমিন দৌলতদিয়ায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহির চর দৌলতদিয়া বেড়াডাঙ্গা এলাকায় প্রায় মাঝনদীতে চট্টগ্রাম থেকে আসা সারবোঝাই এমভি আফরোজ, বাংলার যমুনা এমভি শান্তনু-১, সাদ, এনসি-১, এমভি প্রিন্স, এমভি প্রত্যাশা ও রেদুয়ান নামের আটটি কার্গো নোঙর করে আছে। এ সময় এসব কার্গো থেকে ছোট ছোট ট্রলারে সার নামাতে দেখা গেছে। এসব কার্গো ও ট্রলার বাঘাবাড়ী থেকে দৌলতদিয়া এসেছে।খোঁজ নিয়ে জানা গেছে, বোরো মৌসুমে উত্তরবঙ্গের ১৬ জেলার কৃষকদের চাহিদা পূরণে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৬ লাখ টন ইউরিয়া সার মজুদের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে এসব সার কার্গোতে করে বাঘাবাড়ী পৌঁছানো হচ্ছে। সেখান থেকে বিভিন্ন গুদামে সরবরাহ করা হবে। সারবোঝাই এসব কার্গো এই রুটে চলাচল করতে গিয়ে মাঝেমধ্যে ডুবোচরে আটকে পড়ছে।জাহাজ চালকেরা জানান, পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নয় থেকে ১২ ফুট পানির গভীরতা প্রয়োজন। অথচ বর্তমানে সেখানে রয়েছে মাত্র ছয় থেকে সাত ফুট।আলাপকালে সারবোঝাই করে চট্টগ্রাম থেকে আসা কার্গো এমভি শান্তনু-১-এর মাস্টার মো. রওশনুজ্জামান জানান, দৌলতদিয়া ঘাট থেকে বাঘাবাড়ী পর্যন্ত নদীপথে অন্তত পাঁচ-ছয়টি ডুবোচর রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া থেকে কাজীরহাট পর্যন্ত তিনটি, পাবনার বেড়া থানার নাকালিয়া বাজারের কাছে একটি, মোহনগঞ্জে একটি ও মানিকগঞ্জের শিবালয় থানার চর শিবালয় থেকে মোল্লাবাড়ী চর পর্যন্ত আরও তিন-চারটি ছোট ডুবোচর রয়েছে।বিআইডব্লিউটিএর আরিচা ইউনিট অফিসের ঊর্ধ্বতন পরিচালক মো. শাহজল হোসেন জানান, জাহাজগুলো ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে চরে আটকা পড়ছে। তার পরও বুধবার বিকেল থেকে চর শিবালয়ের মোল্লাবাড়ী এলাকায় একটি ড্রেজার দিয়ে নদী খননের কাজ শুরু করা হয়েছে।