ডুবোচরে আটকা ফেরিটি এখনো উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের কাছে অ্যাপ্রোচ চ্যানেলের ডুবোচরে আটকে থাকা ফেরি খানজাহান আলী এখনো উদ্ধার হয়নি। তীব্র স্রোতের কারণে উদ্ধারকারী জাহাজই বারবার ডুবোচরে আটকে পড়ছে।
গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ১৬টি যানবাহন নিয়ে পাটুরিয়া থেকে আসার পর ডুবোচরে আটকে পড়ে ফেরিটি।
ফেরি খানজাহান আলীর মাস্টার আশরাফুল ইসলাম বলেন, উদ্ধারকারী জাহাজের ক্ষমতা তুলনামূলক খুবই কম। বর্তমান প্রেক্ষাপটে এই জাহাজ দিয়ে উদ্ধারকাজ চালাতে গেলে আরও সমস্যা দেখা দেয়। দ্রুত উদ্ধারের ব্যবস্থা না করলে ফেরির তলদেশ বালুর ঘর্ষণে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
উদ্ধার অভিযানে নিয়োজিত বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার জানান, ফেরিটি উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী জাহাজই স্রোতের ধাক্কায় ডুবোচরে গিয়ে ঠেকে যায়। সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এবং সর্বশেষ বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত উদ্ধারকারী আইটি ডুবোচরে আটকে থাকে। এ কারণে আপাতত স্বাভাবিক চেষ্টা চালানো হচ্ছে না। মাওয়ায় উদ্ধারকারী আইটির (৮-৩৯৫) সাহায্য চাওয়া হয়েছে। সেটি সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছালে পুরোদমে উদ্ধারকাজ শুরু করা হবে।