ডুবোচরে আটকে ক্লিংকারবোঝাই জাহাজডুবি
নোয়াখালীর হাতিয়া ও লক্ষীপুরের রামগতির মাঝামাঝি মেঘনা নদীর ডুবোচরে আটকে ক্লিংকারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল শনিবার দুপুরে দুই হাজার ২০০ টন ক্লিংকারসহ ক্রাউন-২ নামের জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়ার আগে জাহাজের ১৩ নাবিককে অন্য একটি লাইটার জাহাজে সরিয়ে নেওয়া হয়।লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল সূত্রে জানা গেছে, বহির্নোঙরে বড় জাহাজ কে এস ট্রাস্ট থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার নিয়ে ঢাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। হোলসিম কারখানার জন্য এসব সিমেন্ট আমদানি করা হয়। ডুবে যাওয়া জাহাজটির মালিক ক্রাউন ইন্টারন্যাশনাল। এটি পরিচালনা করছিল আই মাদার ট্রেডিং।ক্রাউন ইন্টারন্যাশনালের মালিক কাজি আবদুল করিম প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাতে ডুবোচরে আটকে জাহাজটির তলা ফেটে যায়। গতকাল দুপুরে জোয়ারের সময় এটি ক্লিংকারসহ ডুবে যায়।