ডুবোচরে আটকে থাকছে লঞ্চ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়া ও মার্কাবাতির অভাব, নির্ধারিত চ্যানেল না থাকা এবং ডুবোচরের কারণে ভোলার সাতটি নৌপথে শীত মৌসুমে লঞ্চ সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। প্রায়ই লঞ্চগুলো ঘণ্টার পর ঘণ্টা চরে আটকে থাকছে। এতে লঞ্চের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। যাত্রী ও লঞ্চচালকেরা এসব ডুবোচর-চ্যানেল খনন এবং বয়া ও মার্কাবাতি স্থাপনের দাবি জানিয়েছেন।
ভোলা জেলা নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন বলেন, দ্বীপজেলা ভোলার প্রায় ২১ লাখ লোক নৌযানের ওপর নির্ভরশীল। লঞ্চ ছাড়া তাঁরা ভোলার বাইরে যেতে পারেন না। কিন্তু শীত মৌসুম এলেই লঞ্চগুলো চরে আটকে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা নদীতে থেকে লঞ্চগুলোকে জোয়ারের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
ভোলা-ঢাকা নৌপথে চলাচল করা কর্ণফুলী-৪ লঞ্চের চালক (মাস্টার) মো. বাবুল হাওলাদার বলেন, ভোলা লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে প্রতিদিন তিনটি লঞ্চ ছেড়ে যায়। একইভাবে ঢাকা থেকেও একইসংখ্যক লঞ্চ ভোলার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চঘাট থেকে ভেদুরিয়া পর্যন্ত ভোলা খালে ডুবোচরের কারণে আধা ঘণ্টার পথে লঞ্চগুলোর এক থেকে দুই ঘণ্টা সময় লাগছে। এই খাল খনন করা দরকার। এ ছাড়া তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া, শ্রীপুর, কাজীর চর, মেহেন্দীগঞ্জের ভাষান চর, মেঘনা নদীর হিজলা ও কালীগঞ্জে ডুবোচরগুলো কমপক্ষে ২০ ফুট খনন করা দরকার। তা না হলে ভোলা-ঢাকা পথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাবে।
লালমোহন-ঢাকা নৌপথে চলাচলকারী পাতারহাট-৪ লঞ্চের পরিদর্শক মো. ইব্রাহীম বলেন, লালমোহনের নাজিরপুর ঘাট থেকে লঞ্চ লালমোহন লঞ্চঘাটে আসতে আধা ঘণ্টা লাগার কথা। কিন্তু পলি জমে লালমোহন খাল ভরাট হয়ে যাওয়ায় এই পথে সময় লাগছে ১০ থেকে ১১ ঘণ্টা। এ কারণে লালমোহন খালটি খনন করা অত্যন্ত জরুরি। এ ছাড়া তেঁতুলিয়া নদীর নাজিরপুর ইউনুস মিয়ার চর, নাজিরপুর লেক, দেউলা ডুবোচর, ধুলিয়া ডুবোচর ও শ্রীপুর সিন্নির চর খনন করা জরুরি।
বেতুয়া-ঢাকা নৌপথের এমভি ফারহান-২ লঞ্চের মাস্টার মো. মোস্তফা বলেন, মেঘনা নদীর তজুমদ্দিন ও চর জহিরুদ্দিনের বিস্তীর্ণ এলাকা, দৌলতখানের চর ভবানীপুর, নেয়ামতপুর, ধনিয়ার পূর্বে এবং ইলিশা বিশ্ব রোডের মাথা এলাকায় শীত মৌসুমে ডুবোচরের কারণে লঞ্চ চলাচলে সমস্যা হচ্ছে। এই নৌপথে লঞ্চ চালনার নির্ধারিত কোনো চ্যানেল নেই। নেই মার্কা ও বয়াবাতি। ফলে বাঁশ দিয়ে পানি মেপে লঞ্চ চালাতে হচ্ছে। এ ছাড়া ঘন কুয়াশায়ও লঞ্চ চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এই পথ দিয়ে মনপুরা-ঢাকা, দৌলতখান-ঢাকার প্রায় ১৫টি লঞ্চ এসব সমস্যা নিয়ে চলাচল করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌনিরাপত্তা বিভাগের ভোলায় দায়িত্বরত ট্রাফিক নাসিম আহম্মেদ বলেন, ‘লঞ্চের মাস্টাররা নৌপথের কোনো সমস্যা আমাদের জানান না। কারণ, তাঁদের যাত্রীদের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে আমরাও পথের সমস্যাগুলোর ব্যাপারে জানতে পারি না এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতেও পারি না।’
বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী আবদুল মতিন বলেন, প্রতিটি নৌপথে একটি চ্যানেল রয়েছে। ওই চ্যানেলে পলি পড়ে তা লঞ্চ চলাচলে বাধা হয়ে দাঁড়ালে তাঁরা সেটি খনন করেন এবং নির্ধারিত পথে বয়া ও মার্কাবাতি বসান।