ডুবোচরে আটকে পড়ছে সারবোঝাই কার্গো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-নগরবাড়ী নৌপথের পদ্মা নদীর রাজবাড়ীর মোল্যারচর অংশে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের নগরবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা সারবোঝাই কার্গো চার-পাঁচ দিন আটকে থাকছে। মোল্যারচর অংশে ডুবোচর জেগে ওঠায় নাব্যতার সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে কার্গোগুলো আটকে থাকছে।গত রোববার সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট এলাকার কাছে নদীর মধ্যে এমভি শিমুল শৈতী, রুমাইছা হক, ড্যান্ডিলিয়ন-১, খিজির, আইডিয়াল-২, এসআর শিপিং লাইন্সসহ বেশ কয়েকটি কার্গো নোঙর করে আছে। এখানে থামিয়ে কার্গো থেকে সার ছোট ট্রলারে নামানো হবে। তা না করলে মোল্যারচর এলাকায় কার্গো আটকে যাবে।এমভি রুমাইছা হকের প্রধান মাস্টার (চালক) কামাল হোসেন বলেন, ‘চট্টগ্রাম থেকে ৮০০ মেট্রিক টন টিএসপি সার নিয়ে ২৩ নভেম্বর দুপুরে দৌলতদিয়ায় আসি। মোল্যারচর এলাকার ডুবোচরে কার্গো আটকে যাওয়ায় নগরবাড়ী যাওয়া যাচ্ছে না। এক মাস ধরে এ সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে কিছু সার ছোট ট্রলারে নামানোর পর বাকি সার নিয়ে রওনা হতে হয়।’কামাল হোসেন আরও জানান, পরিপূর্ণভাবে বোঝাই একটি কার্গো চলাচলের জন্য জন্য নদীতে ন্যূনতম ১২ ফুট গভীরতা প্রয়োজন। অথচ মোল্যারচর এলাকায় সর্বোচ্চ গভীরতা ১০ফুট। নগরবাড়ীর মের্সাস রুপালি ট্রান্সপোর্টের মাধ্যমে তাঁরা সার আনলেও সারের মালিক ও কার্গোর স্টাফ উভয়কেই অতিরিক্ত খরচের টাকা বহন করতে হয়।এমভি শিমুল শৈতীর প্রধান মাস্টার আবুল হোসেন বলেন, কার্গোর ধারণ ক্ষমতা ৮০০ মেট্রিক টন। অথচ নাব্যতার সংকটের কারণে ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে নগরবাড়ীর উদ্দেশে এলেও দৌলতদিয়ায় বিরতি দিতে হচ্ছে। এ জন্য তাঁদের প্রত্যেককে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। এরপর শ্রমিকসংকটের কারণে নির্ধারিত সময়ে তাঁরা নগরবাড়ী পৌঁছতে পারছেন না।সিরাজগঞ্জ থেকে আসা ইঞ্জিনচালিত ট্রলারের চালক মো. বাবলু বলেন, সিরাজগঞ্জ পৌঁছে দেওয়ার জন্য তাঁকে সাত হাজার ৫০০ টাকা ভাড়া করে নিয়ে এসেছে স্থানীয় একটি ট্রান্সপোর্ট এজেন্সি। কার্গো থেকে নামিয়ে ৫০ কেজি ওজনের এক হাজার ৫০০ বস্তা সার তিনি সিরাজগঞ্জ নিয়ে যাবেন।বিআইডব্লিউটিএর খনন বিভাগের সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, মোল্যারচর এলাকায় ঈদের কয়েক দিন পর থেকেই খননকাজ শুরু হয়েছে। তবে কার্গোয় অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে তারা সরাসরি যেতে পারে না। এখানে নোঙর করে কিছু পণ্য আনলোডের পর রওনা হতে হয়। প্রতিবছরের শুষ্ক মৌসুমে এ সমস্যা হয়।