ডুবোচরে আটকে যাচ্ছে ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ নাব্যতাসংকটের কারণে এখনো স্বাভাবিক হয়নি। এ পথে চলাচলকারী ফেরিগুলো প্রায়ই ডুবোচরে আটকে যাচ্ছে। গতকাল শনিবারও দুপুর ১২টার দিকে এ পথের চায়না ড্রেজিং পয়েন্টে ফেরি আটকে যায়। প্রায় তিন ঘণ্টা পর ফেরিটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের গিয়াসউদ্দিন পাটোয়ারী বলেন, এ নৌপথ স্বাভাবিক রাখতে দুই মাস ধরে নদী খনন কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এখনো পথ স্বাভাবিক করা যায়নি। কবে নাগাদ খনন শেষ হবে, তা-ও স্পষ্ট নয়। চলতি শীত মৌসুমে নাব্যতাসংকট কাটিয়ে উঠতে না পারলে ঘন কুয়াশায় ফেরি চলাচল আরও বড় সংকটের মধ্যে পড়তে পারে। এ পথে ১৬টির মতো বড়, ছোট ও মাঝারি ফেরি ছিল। কিন্তু বর্তমানে ১১টি ফেরি চলতে পারছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফেরি ডুবোচরে আটকে যাচ্ছে। এতে ঘণ্টার পর ঘণ্টা ফেরি আটকে পড়ে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে।
একাধিক যাত্রী বলেন, এ পথে স্বাভাবিক সময়ে সর্বোচ্চ দেড় ঘণ্টা সময় ব্যয় হতো। এখন নাব্যতাসংকটের কারণে লাগছে তিন ঘণ্টা। ফেরি ডুবোচরে আটকে গেলে ছাড়াতে দু-তিন ঘণ্টা লাগছে। গতকালও শিমুলিয়া ঘাটে চার-পাঁচ শ গাড়ির লম্বা সারি ছিল। একই অবস্থা ছিল কাওড়াকান্দি ঘাটেও।
গাড়িচালক আনোয়ার হোসেন বলেন, আজকে (শনিবার) বৈরী আবহাওয়া। সারা দিনই বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া ছিল। নদী ছিল উত্তাল। একদিকে নাব্যতাসংকট, অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে ফেরি পারাপারে সমস্যায় পড়তে হয়েছে।
যাত্রী নূর হোসেন বলেন, ‘নাব্যতাসংকটের কথা গত ঈদের আগে থেকেই শুনে আসছি। শুনলাম, এখনো সেই সংকট কাটেনি। দ্রুত ড্রেজিং করে এ সংকট কাটিয়ে ওঠা উচিত।’