ডুবোচরে আটকে যায় নৌযান দুর্ভোগে চরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার চরে আটকে যাচ্ছে নৌযান। ট্রলার ও নৌকা​ ঠেলে তীরে নেওয়ার চেষ্টা ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের লোকজনের। সদরের কবিরপুর এলাকার নদী থেকে গত রোববার তোলা ছবি l প্রথম আলো
পদ্মার চরে আটকে যাচ্ছে নৌযান। ট্রলার ও নৌকা​ ঠেলে তীরে নেওয়ার চেষ্টা ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের লোকজনের। সদরের কবিরপুর এলাকার নদী থেকে গত রোববার তোলা ছবি l প্রথম আলো

পদ্মা নদী পার হয়ে ফরিদপুর সদরের নর্থ চ্যনেল ইউনিয়নের চর এলাকায় যেতে চারটি জায়গায় ডুবোচরে আটকা পড়ছে নৌযান। এতে সদরে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে চরবাসীকে। শুকনো মৌসুমে পানি কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানান, এই ইউনিয়নের ৩৪টি গ্রাম পদ্মা নদীবেষ্টিত চর এলাকায় অবস্থিত। ওই গ্রামগুলোয় ১২ সহস্রাধিক লোক বসবাস করেন। এ ছাড়া নদী পার হয়ে নর্থ চ্যনেল ইউনিয়নের চর এলাকায় যেতেও দুর্ভোগে পড়তে হচ্ছে। শহরতলীর ধরাল মোড় ও সিএনবি ঘাট থেকে নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর, মোহন মিয়ার হাট, মনসুরারবাদ যাওয়ার জন্য ট্রলার ছাড়ে। সিএনবি ঘাট ও ধলার মোড় হয়ে প্রতিদিন ১৬টি ট্রলার চর এলাকায় আসা-যাওয়া করে। দিনে গড়ে পাঁচ সহস্রাধিক যাত্রী এই পথ পাড়ি দেয়। কিন্তু ওই এলাকায় যেতে চারটি জায়গায় ট্রলার ঠেকে যায়। ওই চার জায়গার প্রায় দেড় কিলোমিটার খনন করা হলে নৌকা নির্বিঘ্নে চলাচল করতে পারত।
পাশের ডিক্রির চরের আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামের নৌকার মাঝি হানিফ শেখ বলেন, ‘নদীর চারটি জায়গায় প্রায় দেড় কিলোমিটার পথ কাইটা দিলে আমরা মুক্তি পাইতাম।’
নর্থ চ্যানেলের সেইজদ্দিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামের বাদশা শেখ জানান, নদীতে চর পড়ে যাওয়ায় শুকনো মৌসুমে তাঁদের তিন কিলোমিটার পথ বাড়তি ঘুরতে হয়।
চরটেপাখোলা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছগির শেখ বলে, স্কুল থেকে ফেরার সময় বিকেল পাঁচটার ট্রলারে উঠতে হয়। বাড়ি যেতে যেতে রাত হয়ে যায়।
চর এলাকার নর্থ চ্যানেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা মণ্ডল জানান, ফরিদপুর থেকে ভোর ছয়টায় বাড়ি থেকে বের হয়েও কোনো কোনো দিন ১০টার মধ্যে তিনি স্কুলে পৌঁছাতে পারেন না।
ওই এলাকার মাঝিসহ ২২ জন গত ১৬ ফেব্রুয়ারি ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর কাছে এক লিখিত আবেদনে নদীর বিভিন্ন জায়গা খনন করে নৌকা ও ট্রলার চলাচলের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান।
২৩ ফেব্রুয়ারি সিএনবি ঘাট ও নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৬০ জন মাঝি ও ব্যবসায়ী জেলা প্রশাসকের কাছে আরেকটি আবেদন জানিয়ে নিজেদের উদ্যোগে নদীর ওই চারটি জায়গা খনন করার অনুমতি চান। এ আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম রুবায়েত হায়াত ২৪ ফেব্রুয়ারি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) অনুরোধ জানান। ৫ মার্চ পাউবোর উপসহকারী প্রকৌশলী এ কে এম জহিরুল হক ওই এলাকা পরিদর্শন করেন। পরে তিনি ‘চারটি জায়গা খনন করা হলে ফরিদপুর শহর রক্ষা প্রকল্পের কোনো ক্ষতি হবে না’ মন্তব্য করে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। ওই দিনই পাউবোর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠান।
সিএনবি ঘাট এলাকার ব্যবসায়ী মেহেদী হাসান জানান, পাউবো অনুমতি দেওয়ার পরও এখনো এ ব্যাপারে জেলা প্রশাসক কোনো উদ্যোগ নেননি।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘পাউবোর সুপারিশসহ প্রতিবেদন আমরা পেয়েছি। এ ব্যাপারে জরুরি উদ্যোগ নেওয়া হবে।’