শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে মুন্সিগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় একটি ফেরি আটকে গেছে। এতে চ্যানেল বন্ধ হয়ে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে।
ঘটনার পর আটকে পড়া ফেরি উদ্ধারে শিমুলিয়া ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ (টাগবোট) যায়। এ প্রতিবেদন লেখার সময় রাত ১০টায় ফেরিটি চ্যানেলের মুখেই আটকে ছিল। এদিকে চ্যানেল বন্ধ হয়ে পড়ায় দুই পাশে সাতটির মতো ফেরি পারাপারের অপেক্ষায় নদীতে নোঙর করে থাকে। ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ও কাওড়াকান্দিতে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি ও পুলিশ সূত্রে জানা যায়, কাওড়াকান্দি ঘাট থেকে ২০-২২টি যানবাহন ও যাত্রী নিয়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন লৌহজং টার্নিং পয়েন্টে এসে ডুবোচরে আটকে যায়। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা বলেন, কয়েক দিন ধরে পদ্মার চ্যানেলগুলোতে পলি পড়ে নাব্যতা-সংকটের সৃষ্টি হচ্ছে। এর আগেও কয়েকবার ফেরি আটকে যায়। জোয়ার আসার পর সেগুলো উদ্ধার করা হয়। এবার রো রো ফেরি রুহুল আমিন ডুবোচরে আটকা পড়ে।
শিমুলিয়া ঘাটের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোশারফ হোসেন বলেন, ফেরিটি এবার চ্যানেলের মুখে আটকা পড়েছে। তাই অন্যান্য ফেরিও যেতে পারছে না। তাই বন্ধ রয়েছে ফেরি চলাচল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, আটকে পড়া ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারের পর ফেরি চলাচল স্বাভাবিক হবে।