ডুবোচরে ফেরি আটকে দৌলতদিয়ায় যানজট
দৌলতদিয়ায় কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নাব্যতা সংকট, তীব্র স্রোত ও অতিরিক্ত গাড়ির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ বলছে। গতকাল বুধবার সকাল নয়টার পর থেকে বেলা ১১টা পর্যন্ত চারটি ফেরি পর্যায়ক্রমে আটকা পড়ে। এসব কারণে গতকাল বিকেল পর্যন্ত প্রায় এক হাজার পরিবহন ও পণ্যবাহী গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে থাকতে দেখা যায়। বিআইডব্লিউটিসি ও ঘাট সূত্রে জানা গেছে, হঠাৎ করে রোববার থেকে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে প্রতিদিন নয় থেকে ১২ সেন্টিমিটার করে পানি কমছে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিগুলো অতিরিক্ত বোঝাই নিয়ে চলাচলে সমস্যা দেখা দেয়। গতকাল বুধবার সকাল নয়টার দিকে দৌলতদিয়া থেকে যানবাহন নিয়ে ফেরি শাহ জালাল, শাহ মখদুম ও আমানত শাহ দৌলতদিয়ার অ্যাপ্রোচ চ্যানেলে আটকা পড়ে। পড়ে নিজেদের চেষ্টার ফলে ফেরিগুলো উদ্ধার করা হয়। এর ঘণ্টা খানেক পর বেলা সাড়ে ১০টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামে আরেকটি ফেরি পাটুরিয়া যাওয়ার সময় ডুবোচরে আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফেরিটি ছেড়ে যায়। একই সঙ্গে তীব্র স্রোতের কারণে পদ্মা পাড়ি দিতে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ সময় ব্যয় হওয়ায় এবং অতিরিক্ত গাড়ি আসায় দৌলতদিয়ায় চার দিন ধরে যানবাহনের চাপ পড়তে শুরু করেছে। মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এদিকে অনেক সাধারণ পণ্যবাহী ট্রাকচালক অভিযোগ করেছেন, ঘাটে দায়িত্বরত কিছু ট্রাফিক পুলিশ অতিরিক্ত টাকা নিয়ে ক্রম ভঙ্গ করে ট্রাক ছেড়ে দিচ্ছে। ঘাটে গতকাল বুধবার বেলা দুইটা পর্যন্ত অপেক্ষা করে দেখা যায়, ফেরিঘাট থেকে শুরু করে কফিল উদ্দিন ফিলিংস্টেশন পর্যন্ত যানবাহনের দুই-তিনটি সারির সৃষ্টি হয়েছে। এরপর থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে পণ্যবাহী ট্রাকের সারির সৃষ্টি হয়। এতে এক হাজারের মতো পণ্যবাহী গাড়ি ও পরিবহনকে ফেরির জন্য অপেক্ষা করতে দেখা যায়। পারাপারের জন্য আটকে থাকা হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে যশোর থেকে ছেড়ে আসা সারবোঝাই ট্রাকের (যশোর-ট-১১-১৫৮০) চালক আবদুল কাদের ক্ষোভের সঙ্গে বলেন, ‘রোববার গভীর রাতে ঘাটে এলে পুলিশ আমাদের টার্মিনালে পাঠিয়ে দেয়। সাড়ে ৯০০ টাকার টিকিট দালালের মাধ্যমে এক হাজার ২৫০ টাকা দিয়ে কেটেও তিন দিন পর আজ (বুধবার) দুপুরে ফেরির সিরিয়াল পাই। অথচ টার্মিনালের কাছে কিছু ট্রাফিক পুলিশ সদস্য টাকা নিয়ে আজকের গাড়ি সিরিয়ালে পাঠিয়ে দিচ্ছে।’ শাহ আলী ফেরির দ্বিতীয় মাস্টার বলেন, রোববার থেকে অস্বাভাবিকভাবে পানি কমতে থাকায় দৌলতদিয়ার কাছে ফেরিগুলো খুবই ঝুঁকির মধ্যে চালাতে হচ্ছে। অতিরিক্ত মালবোঝাই যানবাহন নিয়ে ফেরি চরায় আটকে পড়ছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘নদীতে নাব্যতা-সংকট, পদ্মায় তীব্র স্রোতের কারণে দ্বিগুণ সময় ব্যয় হয় এবং অতিরিক্ত গাড়ির কারণে দৌলতদিয়ায় যানবাহনের চাপ সৃষ্টি হচ্ছে।’ পুলিশ সুপার মো. রেজাউল হক প্রথম আলোকে বলেন, ‘ঈদের আগে ও পরে ঘাটে যাত্রী এবং পরিবহন পারাপার সুষ্ঠুভাবে নিশ্চিত করতে আড়াই শ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ সদস্যরা কাজ করছেন। বর্তমানে ঘাটের সার্বিক পরিস্থিতি দেখে বলতে পারি, অতীতের ইতিহাস ভঙ্গ করেছে। এরপরও যদি কেউ অন্যায় করে থাকে, প্রমাণসহ জানালে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’