ডুমুরিয়া কলেজ কেন্দ্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া কলেজের ডিগ্রি পরীক্ষা কেন্দ্র আগামী পাঁচ বছরের জন্য বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতা ও অবহেলার দায়ে কলেজের অধ্যক্ষ এস এম গোলাম হায়দারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। এ–সংক্রান্ত আদেশ গত মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কলেজ সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা গত ২ মার্চ থেকে শুরু হয়। কলেজের অধ্যক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরীক্ষার ঘোষিত সময়সূচি অনুযায়ী ১৫ মার্চ মনোবিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষার দিন ধার্য ছিল। কিন্তু অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিনের পরীক্ষা স্থগিত করে ২১ মার্চ পুনর্নির্ধারণ করে। কিন্তু নির্দেশনা লঙ্ঘন করে অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষক ২ মার্চ মনোবিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষা নেন।

এ ঘটনায় খুলনা জেলা প্রশাসন ও জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃ‌র্পক্ষ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি অধ্যক্ষের ব্যর্থতা ও অবহেলার বিষয়টি চিহ্নিত করে প্রতিবেদন জমা দেয়। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃ‌র্পক্ষ ওই কেন্দ্র বাতিল এবং অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
গত ২২ নভেম্বর ওই অভিযোগ এনে অধ্যক্ষ গোলাম হায়দার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোসলেম উদ্দিন সরদার ও ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আহম্মদ আলীকে আসামি করে ডুম‌িুরয়া থানায় মামলা করেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবদুল লতিফ মোড়ল। বর্তমানে অধ্যক্ষসহ সব শিক্ষক জামিনে রয়েছেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এ বিষয়ে অধ্যাক্ষ এস এম গোলাম হায়দার প্রথম আলোকে বলেন, ‘আমি চিঠির কথা শুনেছি। এখনো হাতে পাইনি।’ পরীক্ষা গ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘আমার এখানে বিদ্যুৎ না থাকায় বোর্ডের ওয়েবসাইড দেখতে পারিনি। ফলে পরীক্ষা স্থগিত হওয়ার খবর আমি জানতে পানিনি। জানলে আমি পরীক্ষা নিতাম না।’