ডুমুরিয়া কলেজের ডিগ্রি পরীক্ষা কেন্দ্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া কলেজে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র আগামী পাঁচ বছরের জন্য বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতা ও অবহেলার দায়ে অধ্যক্ষ এস এম গোলাম হায়দারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। এ-সংক্রান্ত আদেশ গত মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়।
এর আগে গত ২২ নভেম্বর উল্লিখিত অভিযোগ এনে অধ্যক্ষ এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোসলেম উদ্দিন সরদার ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক আহম্মদ আলীকে আসামি করে ডুমুিরয়া থানায় মামলা করেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবদুল লতিফ মোড়ল। বর্তমানে অধ্যক্ষসহ সব শিক্ষক জামিনে রয়েছেন।
কলেজ সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা গত ২ মার্চ থেকে ডুমুরিয়া কলেজ কেন্দ্রে শুরু হয়। কলেজের অধ্যক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরীক্ষার ঘোষিত সূচি অনুযায়ী ১৫ মার্চ মনোবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠানের নির্ধারিত দিন থাকলেও অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিনের পরীক্ষা স্থগিত করে ২১ মার্চ পুনর্নির্ধারণ করে। কিন্তু নির্দেশনা লঙ্ঘন করে অধ্যক্ষ ও তাঁর সহযোগী শিক্ষকেরা ওই দিনই ডুমুরিয়া থানার লকার থেকে মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্র এনে পরীক্ষা নেন।