ডুমুরিয়ায় অজ্ঞাত রোগে মরছে মুরগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলায় সম্প্রতি অজ্ঞাত রোগে বিপুলসংখ্যক মুরগি মারা যাচ্ছে। ইতিমধ্যে শতাধিক খামারি সর্বস্ব হারিয়েছেন।ডুমুরিয়ার খামারি ইসমাইল হোসেন বলেন, ‘ভালো মুরগি, কোনো কিছু বুঝতি পারিনি। এট্টু মাথা নিচে কত্তি লাগল, ওষুধ দেওয়ার পরেই ঠপ্পাস করে পড়ে মরে গেল। এভাবে আমার প্রায় এক হাজার মুরগি মরে শেষ। সেই সাথে আমিও শেষ হয়ে গেলাম।’উপজেলার মুরগি খামারমালিক ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের ২২৬টি গ্রামে ১০ হাজারের বেশি খামারি রয়েছেন। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বিভিন্ন খামারে, প্রধানত ডিমওয়ালা মুরগি ও ব্রয়লার মুরগি মরতে শুরু করেছে।খোঁজ নিয়ে জানা গেছে, ডুমুরিয়া সদরের ইসমাইল হোসেন, রঘুনাথপুর গ্রামের মিনু রানী সাহা, বাজারের পাশের সেকেন্দার গাজী, ডুমুরিয়া গ্রামের মহিবুল ফকির, বরাতিয়া গ্রামের অমূল্য মল্লিক, বামুন্দিয়া গ্রামের আনিসুর রহমান, গোনালী গ্রামের অর্জুন সরকার, আঙ্গারদোহা গ্রামের শেখ জহুরুল ইসলাম, আরাজী ডুমুরিয়া গ্রামের মোহম্মদ আলী মোল্লাসহ বিভিন্ন গ্রামের শতাধিক খামারির ৩০ হাজারের বেশি মুরগি মারা গেছে। আরও অনেকের মুরগি মারা যাচ্ছে। ভয়ে অসংখ্য খামারি আগে থেকেই ২০০ থেকে ৩০০ টাকা দামের প্রতিটি মুরগি ১০০ টাকা দরে বিক্রি করে দিচ্ছে। তা ছাড়া উপজেলার বিভিন্ন বাজারে বড় বড় মুরগি প্রতিটি মাত্র ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।খর্ণিয়া গ্রামের সুকেন্দ্র মল্লিক বলেন, ‘এক হাজার মুরগিতি ডিম দিতিল। তিন দিনির মদ্দি আমার সব শেষ হয়ে গেছে। নতুন করে যে বাচ্চা তুলব, সে সাহস ও টাকা নেই। এখন সরকার যদি এট্টু আমাগে দেখত, তালি বাঁচতাম।’ বরাতিয়া গ্রামের অমূল্য মল্লিক বলেন, ‘সাড়ে ৮০০ মরার পরেত্তে ভালোগুলো পিস ১০০ টাকা দরে বিক্রি করে দিছি।’ মিনু রানী সাহা বলেন, ‘আমার চারটি খামারের সব মরে শেষ। সরকারি অফিসগুলো এট্টু তাকায়ে দেখল না।’ একই কথা বলেন ডুমুরিয়ার মোশাররফ হোসেন, ডুমুরিয়া বাজারের মুরগি ব্যবসায়ী বি এম ইসমাইল হোসেনসহ কয়েকজন।চুকনগরের পোলট্রি ব্যবসায়ী শাহাদৎ হোসেন বলেন, ‘রোগের খবর শুনে এখন আর কেউ নতুন বাচ্চা নিতে আসছে না।’বাংলাদেশ পোলট্রি দোকান মালিক সমিতি ডুমুরিয়া উপজেলা কমিটির সভাপতি টুটুল কুণ্ডু বলেন, ডুমুরিয়ার ১০ হাজারের বেশি মুরগি খামারি বিপদে আছেন। কেউ রোগ ধরতে পারছে না বা কোনো চিকিৎসাও হচ্ছে না।ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আইয়ূব আলী বলেন, ‘এই উপজেলার কোথাও তেমন মুরগি মরেনি। হেতেলবুনিয়ায় একজনের মরেছে শুনে আমরা সেখানে গিয়ে রোগাক্রান্ত মুরগি মাটি চাপা দিয়েছি। তা ছাড়া খবর পেলেই তার খামারে যাচ্ছি। আর খামারিরা সাধারণত আমাদের কাছে আসে না। যাদের কাছ থেকে বাচ্চা নেয়, তাদের কাছে যায়, তাদের ওপর নির্ভর করে। যারা আসছে, তাদের আমরা পরামর্শ দিচ্ছি। তবে ভয়ে অনেকেই বেঁচে দিয়েছে।’খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘আমরা হেতেলবুনিয়ায় অসিত মণ্ডলের মুরগির খামারে পরীক্ষা করে বার্ড ফ্লু পেয়ে সেগুলো মাটি চাপা দিয়েছি। অন্য খামারে পরীক্ষা করে বার্ড ফ্লু পাওয়া যায়নি বলে সেগুলো মারা হয়নি। তবে ময়নাতদন্ত করে কলেরা ও সালমোনিলোসিস রোগের লক্ষণ পাওয়া যাওয়ায় সেসব খামারিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তা ছাড়া আমাদের লোকেরা শুক্রবার থেকে এলাকায় যাচ্ছে। তবে সব খামারি আমাদের কাছে আসে না।’