ডুমুরিয়ায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা আহত ৫
খুলনার ডুমুরিয়া উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গতকাল সোমবার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে ডুমুরিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও তাঁর ভাইসহ পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে।
নেতা-কর্মীরা জানান, গতকাল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেল সাড়ে চারটার দিকে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি জরুির কাজে ঢাকায় চলে যাওয়ার পর শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি মোস্তফা কামাল খোকন। উপস্থাপনা করেন জেলা যুবলীগের সদস্য মোল্লা সোহেল রানা।
এ সময় সালাম মাঝির নেতৃত্বে হাবিব, সীমান্ত তরফদার, এনামুল বিশ্বাস, গোলাম বিশ্বাস, হাফিজুর রহমান ওরফে কালা হাফিজ, রবিউল সরদারসহ ১২-১৫ জনের সন্ত্রাসী বাহিনী সভাস্থলে হামলা চালায়। এ সময় সালাম মাঝি সোহেল রানার কাছ থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে সংঘাতের সৃষ্টি হয়। সন্ত্রাসীদের হামলায় সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল আহমেদ লিটন ও তাঁর ছোট ভাই মিল্টনসহ কমপক্ষে পাঁচজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংঘাতের সৃষ্টি হয়। সংঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সিরাজুল ইসলাম (২৮) ও সীমান্ত তরফদার নামের দুজনকে আটক করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খোকন বলেন, পরিকল্পিতভাবে আলোচনা সভায় হামলা করা হয়েছে। যারা হামলা করেছে, তারা চিহ্নিত সন্ত্রাসী, বিএনপি-জামায়াত জোটের আশীর্বাদপুষ্ট। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।