ডুমুরিয়ায় আগুনে পুড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
খুলনার ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নের বান্দা গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় আগুনে পুড়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন পরিণীতা বিশ্বাস (৫৫), তাঁর ছেলে তাপস বিশ্বাস (৩২) ও তাপসের ছেলে অর্ণব বিশ্বাস (৫)।প্রত্যক্ষদর্শী তৃপ্তি বিশ্বাস বলেন, ওই পরিবারটি গ্রামে একটি মুদির দোকান চালায়। আগুন লাগার কিছুক্ষণ আগে তিনি দোকানে মালামাল কিনতে যান। দোকানের একটি ঘরে বসে ড্রাম থেকে পেট্রল ছোট ছোট বোতলে ভরছিলেন ওই তিনজন। এ সময় ধাক্কা লেগে একটি বোতল থেকে পেট্রল ছড়িয়ে পড়ে। কাছাকাছি একটি হারিকেন রাখা ছিল। পেট্রল গড়িয়ে হারিকেনের আগুন স্পর্শ করে। এ সময় পরিণীতা, তাঁর ছেলে ও নাতি ওই আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু আগুন বেড়ে যায় এবং দোকান ঘরে রাখা পেট্রল-ভর্তি ড্রাম স্পর্শ করে। এতে ড্রামটি বিস্ফোরিত হয় এবং অগ্নিদগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়। দোকানের পাশের ঘরে থাকা পরিণীতার স্বামী অবনী বিশ্বাস (৬৫) আগুন দেখে বের হয়ে এলে তিনি বেঁচে যান।তৃপ্তি জানান, এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ওই তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাণ্ডারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান আলী মনসুর বলেন, দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টা লাগে। ততক্ষণে সব পুড়ে যায়।