ডুমুরিয়ায় ইউপি সদস্যকে লক্ষ্য করে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার নর্ণিয়া গ্রামে গত বুধবার দিবাগত রাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে লক্ষ্য করে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা৷ তবে অল্পের জন্য রক্ষা পান তিনি৷
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার আটলিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য এম এ হামিদ (৪৫) বুধবার দিবাগত রাত তিনটার দিকে পাশের নর্ণিয়া বিলে নিজের মাছের ঘের থেকে বাড়ি ফিরছিলেন৷ পথে আটলিয়া সেতুর কাছে তিন-চারজন ব্যক্তিকে দাঁড়ানো দেখে তাঁদের পরিচয় জানতে চান৷ ওই ব্যক্তিরা হামিদকে লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারেন৷ বোমাটি তাঁর শরীরে না লেগে একটু দূরে পড়ে বিস্ফোরিত হয়৷ বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন৷ তখন ওই পথ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন পাশের যশোরের কেশবপুর উপজেলার পরচকরা গ্রামের দবির উদ্দিন বিশ্বাস (৩৪)৷ লোকজন তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন৷ তিনি পালানোর চেষ্টা করলে লোকজন তাঁকে পিটুনি দিয়ে স্থানীয় মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন৷ পুলিশ দবিরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷
দবির দাবি করেন, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান৷ বোমা হামলার সঙ্গে তিনি জড়িত নন৷