ডুমুরিয়ায় ইটভাটার কার্যক্রম বন্ধ করার দাবি
খুলনার ডুমুরিয়া উপজেলার জনবসতিপূর্ণ চহেড়া গ্রামে ইটভাটার কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার খুলনা প্রেসক্লাব চত্বরে সংবাদ সম্মেলন করে ওই গ্রামের বাসিন্দারা এ দাবি জানান।গতকাল দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্যে প্রশান্ত মণ্ডল বলেন, একটি প্রভাবশালী মহল সব প্রতিবাদ ও পরিবেশ আইন অমান্য করে চহেড়া গ্রামে ইটভাটার নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। এ গ্রামে প্রায় দুই হাজার মানুষ বসবাস করে। ওই ভাটার পাশেই প্রায় ৩০টি পরিবারে বসবাস। গ্রামের পাশেই রয়েছে স্কুল, মসজিদ ও মন্দির।লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়েছে, জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা তৈরির প্রতিবাদে এক বছর ধরে সরকারের বিভিন্ন দপ্তরে দাবি জানানো হচ্ছে। এর পরও ভাটার মালিকেরা ইট তৈরি, কয়লা জমা ও শ্রমিকদের থাকার ঘর তৈরি করে সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কিন্তু পরিবেশ অধিদপ্তর ও ডুমুরিয়া উপজেলা প্রশাসন ভাটার কাজ বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।