ডুমুরিয়ায় উদ্ধার লাশটিই কলেজছাত্র পরশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে উদ্ধার হওয়া লাশটিই নগরের দৌলতপুরের পাট ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে কলেজছাত্র আল-মাসুদ পরশের। ডিএনএ পরীক্ষার বরাত দিয়ে খুলনা মহানগর পুলিশ গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছে।পুলিশ জানায়, খুলনা নগরের পাবলিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আল মাসুদ পরশ গত ১৭ এপ্রিল অপহূত হয়। এরপর ডুমুরিয়া থানার পুলিশ ডুমুরিয়ার রানাই গ্রামের একটি জলাশয় থেকে গত ১৯ এপ্রিল একটি লাশ অজ্ঞাত হিসেবে উদ্ধার করে। লাশটি উদ্ধারের পর বিষয়টি পরশের বাবা-মাকে জানানো হয়। তাঁরা খুলনা মেডিকেল কলেজে এসে লাশটি শনাক্ত করতে ব্যর্থ হন। এরপর ডিএনএ পরীক্ষার স্বার্থে নমুনা হিসেবে লাশটির দাঁত ও চুল এবং পরশের বাবা-মায়ের রক্ত সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ডিএনএ পরীক্ষার ফল গত মঙ্গলবার খুলনা নগর পুলিশের হাতে এসে পৌঁছায়।খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার আওরঙ্গজেব মাহবুব প্রথম আলোকে বলেন, ডিএনএ পরীক্ষায় ডুমুরিয়ায় উদ্ধার হওয়া লাশটি কলেজছাত্র পরশের বলে নিশ্চিত হওয়া গেছে। পাট ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনের বিষয়টি পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে তিনি এখন কোনো মন্তব্য করবেন না। দু-এক দিন পরে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।কলেজছাত্র পরশ গত ১৭ মে সকালে তাঁর কয়েকজন বন্ধু দৌলতপুরের মহেশ্বরপাশায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ। পরে অপহরণকারীরা পরশের বাড়িতে ফোন করে তার মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় পরশের বাবা আলাউদ্দিন গত ১৮ মে দৌলতপুর থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন।