ডুমুরিয়ায় কলেজছাত্র ওবায়দুর খুনের প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার
খুলনার ডুমুরিয়া উপজেলার কলেজছাত্র ওবায়দুর রহমান ওরফে রুবেল (১৯) হত্যার ১৮ দিন পর গত শনিবার বিকেলে যশোরের আদালত এলাকা থেকে প্রধান সন্দেহভাজন বাচ্চু শেখকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ তাঁর স্বীকারোক্তি অনুযায়ী খোয়া যাওয়া মোটরসাইকেল, ওবায়দুরের মুঠোফোন ও হত্যার কাজে ব্যবহূত ছুরি উদ্ধার করেছে। বাচ্চু শেখ উপজেলার সাহস গ্রামের ফজর আলী শেখের ছেলে।মামলার তদন্ত কর্মকর্তা ও ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, যশোরের অভয়নগর থেকে মিলন হালদারকে (৩০) গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী শার্শা উপজেলা থেকে মোটরসাইকেল উদ্ধার এবং ক্রেতা আবুল কালাম (৩৫) ও বাচ্চু শেখকে গ্রেপ্তার করা হয়। বাচ্চু শেখ শনিবার সন্ধ্যায় থানায় ওবায়দুর রহমানকে হত্যার বিস্তারিত বর্ণনা দেন। তাঁর কথামতো ঘটনাস্থলের কাছ থেকে ছুরি ও ফেনসিডিলের খালি বোতলও উদ্ধার করা হয়। বাচ্চু শেখ ঋণের ২০ হাজার টাকা পরিশোধের জন্য মোটরসাইকেল চুরি করে বিক্রি করার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানান। গতকাল রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।খুলনার সহকারী পুলিশ সুপার (খ-অঞ্চল) কাদের বেগ বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। নিহত ওবায়দুরের বাবা লুৎফর রহমান বলেন, ‘ছেলেকে তো আর পাব না, কিন্তু হত্যাকারীরা যেন আমার মতো আর কারও কোল খালি করতে না পারে। আমি এর বিচার চাই।’ ২৪ অক্টোবর সকালে পুলিশ উপজেলার শোভনা ইউনিয়নের গোপালনগর বিলে একটি মাছের ঘেরের খালি ঘর থেকে গুটুদিয়া গ্রামের ওবায়দুর রহমানের গলা কাটা লাশ উদ্ধার করে। তিনি ডুমুরিয়া মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় নিহত ওবায়দুরের বাবা ওই দিনই তাঁর বন্ধু সাগর শেখসহ (১৯) আটজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেন।