ডুমুরিয়ায় খালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, দুজন নিহত
খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি খালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহার রঞ্জন বালা (৬৫) ও নীলকমল মণ্ডল (৪০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সুধান্ন মণ্ডল ও গোবিন্দ সরকার নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, নিহার রঞ্জন বালার নেতৃত্বে মাগুরখালী ইউনিয়নের ভূমিহীন চাষিরা স্থানীয় ঘুরুনিয়া-পাতিবুনিয়া খালে বাঁধ দিয়ে কয়েক বছর ধরে ধান ও মাছের চাষ করে আসছেন। সম্প্রতি গোলক চৌকিদার ওই খালের দখল দাবি করেন। এ নিয়ে নিহার বালার সঙ্গে গোলক চৌকিদারের বিরোধ চলছিল।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সকাল সাড়ে সাতটায় গোলক চৌকিদারের লোকজন ওই খাল দখল করতে গেলে নিহার বালার লোকজন তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে ১০-১১ জন আহত হন। এঁদের মধ্যে দুপুর একটায় নিহার বালা এবং বিকেল চারটায় নীলকমল মণ্ডল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।