ডুমুরিয়ায় খয়রাতির চাল নিয়ে নয়ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে বরাদ্দ ২৫ মেট্রিক টন খয়রাতির চাল নিয়ে নয়ছয়ের অভিযোগ পাওয়া গেছে। দুটি ইউনিয়নে আংশিক বিতরণ ও একটিতে বাঁধ মেরামতের কথা বলা হলেও বাকি তিনটিতে চাল বিতরণের কোনো খবর পাওয়া যায়নি।ডুমুরিয়া উপজেলা ত্রাণ কার্যালয়ের কর্মী, সংশ্লিষ্ট এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুন মাসে অতিবর্ষণ ও প্রবল জোয়ারের চাপে উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া, আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া ও গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া বাঁধ ভেঙে সংশ্লিষ্ট এলাকার কিছু চিংড়ি ঘের ও বাড়িঘরের বেশ ক্ষয়ক্ষতি হয়। এরই পরিপ্রেক্ষিতে ১১ জুন খুলনা জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য রুদাঘরায় সাড়ে ছয়, আটলিয়ায় সাত, গুটুদিয়ায় ছয়, ডুমুরিয়ায় তিন, ভান্ডারপাড়ায় দুই ও খর্নিয়া ইউনিয়নে আধা মেট্রিক টন চাল বরাদ্দ দেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল কাদের বলেন, ওই চাল এখনো রুদাঘড়া ও গুটুদিয়ায় বিতরণ করা হয়নি। আর আটলিয়াতে নামমাত্র করা হয়েছে। ডুমুরিয়া ও ভান্ডারপাড়ায় দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট এলাকায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিয়াবুনিয়া বাঁধের ভাঙনে ভান্ডারপাড়া ও ডুমুরিয়া সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে খয়রাতি চাল বিতরণ করা হয়েছে। কিন্তু আটলিয়ায় ওই চাল দিয়ে বাঁধ মেরামত করা হয়েছে। তবে গুটুয়াদিয়ার টিয়াবুনিয়া এলাকাবাসী চাল বিতরণের কোনো খবর জানেন না। আর রুদাঘরা ও খর্নিয়ায় তো বিতরণই করা হয়নি। রুদাঘরা ইউনিয়নের চহেড়া এলাকায় চাল বিতরণ না করার কথা স্বীকার করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম আমানুল্লাহ বলেন, জনগণের মতামতের ভিত্তিতে বাঁধ মেরামত করে দেওয়ার শর্তে ওই চাল রেখে দেওয়া হয়েছে। গুটুদিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ঘেরমালিকসহ অন্যদের সাহায্য না পাওয়ার বিষয়ে ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ার বলেন, টিয়াবুনিয়া বাঁধের ভেতর দিয়ে যারা মাটির কাজ করেছে, তাদের মাঝে ওই চাল বিতরণ করা হয়েছে।আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ বদরুজ্জামান বলেন, ‘খয়রাতি হলেও ওই চালের বিনিময়ে ক্ষতিগ্রস্তদের দিয়ে বাঁধ মেরামতের কাজ করিয়েছি।’ খর্নিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন বলেন, রানাই টিপনাসহ বিভিন্ন এলাকায় চাল দেওয়া হয়েছে।ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ‘এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’