ডুমুরিয়ায় গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বি এম শহিদুল ইসলাম (৪৫) গত শুক্রবার রাতে নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। ওই ঘটনার পরপরই হত্যাকারী সন্দেহে ধাওয়া করে সোহান শেখ নামের এক যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। ওই রাতেই ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টোলনা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম রাত ১১টার দিকে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন ব্যক্তি সেখানে হাজির হয়ে টোলনা বাজারের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং তাঁকে রিমান্ডে নেওয়ার বিষয়ে জানতে চান। তাঁদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে গুলির শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এসে স্বামীকে বারান্দায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন শহিদুলের স্ত্রী। তিনি ও পরিবারে অপর সদস্যরা তখন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীদের ধাওয়া করে সোহান শেখ (২১) নামের একজনকে ধরে ফেলেন। পিটুনি দিয়ে গ্রামবাসী তাঁকে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশের ভাষ্যমতে, সোহানকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপর হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। সোহানকে নিয়ে পুলিশ সদস্যরা রাত তিনটার দিকে স্থানীয় শাহপুর সরকারি বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে সোহান পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল, দুটি গুলিসহ দুটি শাটারগান ও চারটি তাজা বোমা উদ্ধার করে। সোহানের বাড়ি ফুল-তলা উপজেলার ডাহুকোনা গ্রামে।
অপরদিকে ইউপি চেয়ারম্যান শহিদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রা.ত ১২টার দিকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে রাত তিনটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শহিদুল ধামালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। তাঁর স্ত্রী মহসিনা আকতার জানান, রাজনৈতিক বিরোধের জের ধরে তাঁর স্বামীকে খুন করা হতে পারে।
ধামালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের ধারণা, জামায়াত-শিবিরের ক্যাডাররা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আওলাদ হোসেন জানান, বন্দুকযুদ্ধে নিহত হওয়ার আগে সোহানের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই সব তথ্যের ভিত্তিতে হতাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় হত্যা, সরকারি কাজে বাধা এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে।