ডুমুরিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য
খুলনার ডুমুরিয়া উপজেলার তলতলা গ্রামে বসতঘরের আড়া থেকে পুলিশ গত শুক্রবার রাতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ পাপিয়া সরদারের (২৮) গলিত লাশ উদ্ধার করেছে। এ মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। পাপিয়া গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের দুধবিক্রেতা প্রণব সরদারের জনশূন্য বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা শুক্রবার রাতে পুলিশকে খবর দেয়। রাত ১০টার দিকে ডুমুরিয়া থানার উপপরিদর্শক তাহাজ উদ্দিন সেখানে গিয়ে গলিত লাশ উদ্ধার করেন। ওই সময় বাড়িতে কেউ ছিলেন না।এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি গরু চুরির অভিযোগে প্রতিবেশীর সঙ্গে বিরোধকে কেন্দ্র করে কিছুদিন আগে ইউনিয়ন পরিষদে এক সালিস হয়। অভিযোগ প্রমাণিত না হলেও সালিসে পাপিয়ার স্বামীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ঘটনার পর থেকে প্রণব-পাপিয়া দম্পতি এলাকা ছেড়ে পার্শ্ববর্তী বটিয়াঘাটা উপজেলায় চলে যান। কিন্তু মঙ্গলবার পাপিয়া তাঁর বৃদ্ধ শাশুড়িকে দেখতে বাড়ি ফেরার পর তাঁর আর কোনো সন্ধান মিলছিল না। এলাকার অবনী মণ্ডল বলেন, ‘হয় মনের দুঃখে পাপিয়া গলায় দড়ি দেছে, না হয় তারে শত্রুতা করে মারে ঝুলোয়ে থোয়ছে। বিষয়টি রহস্যজনক।’ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, এটা হত্যা, না আত্মহত্যা তা নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।