ডুমুরিয়ায় চিংড়ি ঘেরের মালিক খুন, কর্মচারী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার পাবলা বিলে চিংড়িঘেরের কর্মচারীর হাতে প্রাণ হারিয়েছেন ঘেরমালিক শাহিন বন্দ (৩৪)। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কর্মচারী আসলাম ঘটনার পর থেকে পলাতক। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, খুলনা নগরের দৌলতপুরের দেয়ানা দক্ষিণপাড়ার বাসিন্দা শাহিন বন্দ রোববার রাত ১০টার দিকে তাঁর চিংড়িঘের পাহারা দেওয়ার ঘরে দুই কর্মচারী আসলাম ও রুহুল আমিন ঢালীর সঙ্গে ঘুমাতে যান। দিবাগত রাত একটার দিকে চিৎকার-চেঁচামেচি শুনে সেখানে গিয়ে দেখা যায়, শাহিনের বুকের নিচে বল্লম-আকৃতির লোহার রড ঢোকানো। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।ওই রাতে শাহিন বন্দের সঙ্গে ঘুমানো অপর কর্মচারী রুহুল আমিন ঢালী বলেন, রাত ১০টার দিকে আসলাম ও তিনি চিংড়িঘের পাহারা দেওয়ার ঘরে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘেরমালিক শাহিন গিয়ে তাঁদের সঙ্গে ঘুমান। রাত একটার দিকে শাহিনের ডাক শুনে তিনি জেগে ওঠেন। শাহিন বলেন, তাঁর বুকের মধ্যে কী যেন ঢুকিয়ে দিয়েছেন আসলাম। রুহুল আমিন আরও বলেন, ঘুম থেকে উঠে আসলামকে তিনি আর দেখেননি।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, শাহিন কয়েক দিন আগে কর্মচারী ডুমুরিয়া উপজেলার সাহস গ্রামের আসলামকে চড় মেরেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিশোধ নিতে আসলাম এ কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে। শাহিনের মরদেহ দাফন শেষে মামলা হবে। আসলামকে আটকের চেষ্টা চলছে।