ডুমুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ নিহত ১, আহত ১৫
খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামে গতকাল শনিবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারায়ণ মণ্ডল (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। হতাহত ব্যক্তিদের সবার বাড়ি রংপুর গ্রামে।এলাকাবাসী জানান, ৯৮ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে অজয় ঘটক ও কালিপদ মণ্ডল পক্ষের মধ্যে বিরোধ চলছে। গতকাল শনিবার দুই পক্ষ ওই জমি দখল করতে যায়। এ সময় দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারায়ণ মণ্ডল প্রাণ হারান।সূত্র জানায়, রংপুর ইউনিয়ন পরিষদ ও রংপুর পুলিশ ক্যাম্প যৌথভাবে দুই পক্ষের বিরোধ মীমাংসার চেষ্টা চালায়। কিছুদিন আগে রংপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আকবর আলী দুই পক্ষকে আদালতের আদেশ ছাড়া ওই জমিতে যেতে নিষেধ করেন। ১ জুলাই আকবর আলী বদলি হয়ে যাওয়ায় গতকাল দুই পক্ষ জমি দখল করতে যায়।রংপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নারায়ণ মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।দুই পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত নারায়ণ মণ্ডল অজয় ঘটকের পক্ষের লোক। আহত ব্যক্তিদের মধ্যে কালিপদ মণ্ডলের পক্ষের মণিলাল মণ্ডল, পরিমল বাড়ৈ, কপিল জোয়াদ্দার, অন্নদা কিত্তনীয়া, বিজয় মণ্ডল ও সুন্দরী জোয়াদ্দার এবং অজয় ঘটকের পক্ষের পুষ্পেন ঘটককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।