ডুমুরিয়ায় ধানখেতে ব্লাস্ট রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার কয়েকটি বিলের শতাধিক হেক্টর বোরো ধানের খেত ‘ব্লাস্ট’ রোগে আক্রান্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত চাষি ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, নলঘোনা, সোনাডাঙ্গা, বড়বন্দ, ঘোনা, তেলিখালী, উলা, কেনারমল, মিরেখালী, চাতরা, বান্দা, বগারখোর, জোয়ারের বিল ও সিংগার বিলের শতাধিক হেক্টর বোরো ধানের খেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। দুই সপ্তাহ আগে ওই সব খেতে ধানগাছের পাতায় প্রথমে বাদামি বা কালো রঙের দাগ দেখা দেয়। এর কয়েক দিনের মধ্যে ধানের শিষ বের হওয়ার পর তার গোড়ায় বাদামি দাগ হয়ে পচন শুরু হয়। তার এক থেকে দুই দিনের মধ্যেই আক্রান্ত ধানের শিষ শুকিয়ে মরে যাচ্ছে।

ভান্ডারপাড়া ইউনিয়নের চাতরা বিলের রফিকুল ইসলাম মোড়ল (৬০) বলেন, তিনি ছয় বিঘা জমিতে ধান চাষ করেছেন। কিন্তু ধানগাছের শিষ বের হওয়ার দুই-তিন দিনের মধ্যে শিষে কালো দাগ দেখা দেয়। অনেক কীটনাশক দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি।

মিরেখালী বিল কমিটির সভাপতি মোশারফ হোসেন জোয়ার্দ্দার বলেন, ‘দুই বছর আগে একবার এই রোগ হইল। এবারও দেখা দেছে। এলাকার সব চাষিরা আতঙ্কে ভোগতেছে।’

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, ‘এটি এক ধরনের ভাইরাসজনিত ‘ব্লাস্ট’ রোগ। প্রথমে ধানের পাতায় ও পরে শিষের গোড়ায় কালো দাগ হয়ে পচন ধরে। আর রাতে শীত, দিনে গরম ও ভোরে কুয়াশা পড়ায় এই রোগের বিস্তার ঘটেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার বলেন, উপজেলায় প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। তার মধ্যে ব্লাস্ট রোগে ২০ থেকে ২৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি কর্মকর্তা কাজী আনিচুজ্জামান বলেন, ‘কয়েক হেক্টর জমিতে হলেও এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েনি। আমরাও প্রতিরোধের চেষ্টা করছি। বর্ষা এলে এ সমস্যা দূর হবে।