ডুমুরিয়ায় নদীভাঙন মানুষ আতঙ্কে
খুলনার ডুমুরিয়া উপজেলার চাঁদগড় এলাকার বেড়িবাঁধে ভাঙন ভয়াবহ রূপ নেওয়ায় এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে যেকোনো সময় তলিয়ে যেতে পারে গ্রামের পর গ্রাম।এলাকাবাসী ও পাউবো কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে উপজেলার শরাফপুর ইউনিয়নের দক্ষিণে ভদ্রা নদীর পশ্চিম পারে চাঁদগড় ও জালিয়াখালী গ্রামসংলগ্ন পাউবোর বেড়িবাঁধে ভাঙন চলছে। ২০০৬ সালে জালিয়াখালী এলাকায় ভাঙন ভয়াবহ রূপ নেওয়ায় পাউবো গ্রামের অনেক ভেতর থেকে নতুন করে বেড়িবাঁধ দেয়। এ বছরের জুনে ওই বাঁধে ফের ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। সে কারণে এলাকাবাসীর মধ্যে সব সময় আতঙ্ক বিরাজ করছে। চাঁদগড়ের ওই বেড়িবাঁধ ভেঙে গেলে ডুমুরিয়া উপজেলার আকড়া, বাহির আকড়া, চাঁদগড়, ভুলবাড়িয়া, বিত্তিভুলবাড়িয়া, রতনখালী, বানিয়াখালী, শরাফপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম এবং বটিয়াঘাটা উপজেলার বারআড়িয়া, শম্ভুনগর, কোদলা ও সুন্দরমহল গ্রাম প্লাবিত হবে। চাঁদগড় গ্রামের আবদুল কাদের গাজী (৭০) বলেন, ‘১৯৮৮ সালের ঝড়ে জালেখালী গ্রাম ধরে নদীতি চলে গেছে। তার পরেত্তে পাঁচ-ছয়বার ভাঙেছে। চাঁদগড়ও প্রায় শেষ। আমরা মাত্র কয়জন এহনো এহিনি টিকে রইছি। কিন্তু কত সময় যে থাকতি পারবানে, বুঝতিছিনে।’ বাঁধের পাড়ের বাসিন্দা রাবেয়া বেগম (২৫) বলেন, ‘উঠোন গেছে, গৈলডা (গোয়ালঘর) যাবো যাবো কত্তেছে। তার পরই আমাগে শোয়ার ঘর। কহন যে নিয়ে যাবে, তার কোনো গিরান্টি আছে? ছেলেপেলে নিয়ে খুব ভয়ের মধ্যি আছি।’শরাফপুর ইউপির চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম বলেন, ‘নদীর পানির উচ্চতা থেকে আমাদের গ্রামগুলো অনেক নিচে। যেকোনো সময় বাঁধ ভাঙলে অনেকগুলো গ্রাম তলিয়ে যাবে।’ পাউবো খুলনার নির্বাহী প্রকৌশলী আবদুর রব হাওলাদার বলেন, ‘ওই জায়গায় ইতিপূর্বে চার-পাঁচবার ভেঙেছে। এখনকার অবস্থাও খুব খারাপ। জরুরি ব্যবস্থা নিতে হবে।’পাউবো খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী দিপক কুমার সরকার বলেন, ‘২ জুন সরেজমিনে গিয়ে দেখে এসেছি। জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য অচিরেই একটি টিম সেখানে পরিদর্শন করবে। তারা প্রতিবেদন দিলে ব্যবস্থা নেওয়া হবে।’খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘চাঁদগড়-জালিয়াখালীতে বারবার ভাঙছে। মানুষ ভয়াবহ আতঙ্কে আছে। সেখানে জরুরি ভিত্তিতে ইট-বালু-সিমেন্টের ব্লক না ফেললে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’