খুলনার ডুমুরিয়া উপজেলার ৬২টি মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পাঠ্যক্রমের বাইরের কয়েকটি বই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা শিক্ষক
সমিতি প্রকাশনা সংস্থার কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা নিয়ে এ কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার সকালে ডুমুরিয়া বাজারে প্রগতি বুক সেল-এ ষষ্ঠ শ্রেণীর বাংলা ও ইংরেজি দুটি ব্যাকরণ বই কিনছিলেন অভিভাবক রফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘সরকার তো সবাইরি সব বই ফ্রি দেচ্ছে। কিন্তু তার পরও বাধ্য হয়ে আমাগে হাজার টাহা খরচ করে সমিতির গ্রামার বই কিনতি হচ্ছে। সরকার কী এসব দ্যাহে না?’ একই ধরনের কথা বলেন অভিভাবক দীনেশ সাহাসহ কয়েকজন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি ও কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, ‘হাইকোর্ট থেকে নোট ও গাইড ব্যবহারের নিষেধাজ্ঞার ওপর তিন মাসের স্থগিতাদেশ থাকায় এখন আমাদের কোনো অসুবিধা নেই। তা ছাড়া সরকারি বইয়ে সবকিছু না থাকায় আমরা ন্যূনতম টাকার বিনিময়ে ব্যাকরণ বইয়ের তালিকা প্রকাশ করেছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ডুমুরিয়া উপজেলায় ৬২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ১৮ হাজার ৬৬০ জন শিক্ষার্থী লেখাপাড়া করছে। ইতিমধ্যে সরকারিভাবে এসব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছে দেওয়া হয়েছে।
শুক্রবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি চলতি ফেব্রুয়ারি মাসে বইগুলো চালু করে। এগুলো হলো ষষ্ঠ শ্রেণীর জন্য এস এম আবদুর রাজ্জাক লিখিত ২৩৫ টাকা দামের ‘ভাষা সৌরভ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ এবং এম এ মান্নান রচিত ৩২৫ টাকা দামের ‘অক্সফোর্ড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন’।
সপ্তম শ্রেণীর উল্লেখ করে ওই একই নামে ২৪৫ টাকা দামের বাংলা ও ৩৪৮ টাকা দামের ইংরেজি ব্যাকরণ। অষ্টম শ্রেণীর জন্য রুহুল আমিন বাবুলের ৩৬০ টাকা দামের ‘ভাষাকোষ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ এবং এম এ মান্নানের ৪০৫ টাকা দামের ‘অক্সফোর্ড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন’।
নবম শ্রেণীর জন্য হায়দার আলী খানের ৩৮৫ টাকা দামের ‘বাংলা ভাষার ব্যাকরণ ও রচনারীতি’ এবং এম ডি নুরুল ইসলামের ৪৬০ টাকা দামের ‘মাই ফেভারিট কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন’।
এ ছাড়া সব শ্রেণীর জন্য কাজল ব্রাদার্সের অনুপম সৃজনশীল ৫৭০ টাকা দামের ‘একের ভিতর সব’, ৮৫০ টাকা দামের ‘জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট
পরীক্ষার প্রস্তুতি’ ও এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা দামের নবম শ্রেণীর বাণিজ্য, বিজ্ঞান ও মানবিক শাখার গাইড বই এবং প্রকৃতি দাসের লেখা ৩০ টাকা দামের ‘এ বুক অব টেন্স’ বইটি পাঠ্যপুস্তকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক সমিতির নামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য ১০ টাকা, অষ্টম শ্রেণীর জন্য ১২ টাকা ও নবম শ্রেণীর জন্য ১৫ টাকা দামের সিলেবাস বিক্রি করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার বিশ্বাস বলেন, ‘কত টাকা পাওয়া গেছে, তার পরিমাণ এখন বলতে পারছি না।’ সরকারি বই থাকতেও আপনারা কেন অতিরিক্ত বই দিচ্ছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘এসবের উত্তর আমি এখন দেব না।’
নাম প্রকাশ না করার শর্তে সমিতির এক কর্মকর্তা বলেন, ‘শুনেছি, ২৫ লাখ টাকার চুক্তি হয়েছে। কিন্তু ব্যাংকে জমা হয়েছে ১৫ লাখ টাকা।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ সমিতি অনুমোদিত ব্যাকরণ বইয়ের তালিকা প্রকাশের বিষয়ে অজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি সমিতির নেতাদের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছু দ্দৌজা বলেন, ‘আমি খুব দ্রুতই এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেব।’