ডুমুরিয়ায় পুলিশ সদস্যকে পিটিয়ে অস্ত্র লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী বাজারে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ-জনতার প্রতিরোধের মুখে ডাকাতেরা গুলি ছোড়ে। ডাকাতের হামলায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। একই দিন রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তার বাসভবনে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় শিক্ষা কর্মকর্তা আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত দেড়টায় ডুমুরিয়ার বানিয়াখালী বাজারে একদল ডাকাত কয়েকজন নৈশপ্রহরীকে বেঁধে মুসলিম জুয়েলার্সের তালা ভেঙে মালামাল লুটপাট শুরু করে। অপর একটি দল বাজারের নৈশপ্রহরী তাসাব্বুর রহমান মোল্যাকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে মারপিট করে। এ সময় চিৎকার শুনে পরিষদের দোতলা থেকে ইউপি চেয়ারম্যান নুরুদ্দীন আল মাসুদসহ কয়েকজন নিচে নামেন। সন্ত্রাসীরা তাঁদের বোমা ও অস্ত্র নিয়ে তাড়া করলে চেয়ারম্যান পালিয়ে যান এবং শরাফপুর পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা পুলিশ ও স্থানীয় লোকজনকে লক্ষ্য করে ৮-১০টি গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশের নায়েক আবুল বাশারকে (৪৫) একা পেয়ে ডাকাতেরা তাঁর মাথায় আঘাত করে এবং ম্যাগাজিনভর্তি একটি চাইনিজ এসএমজি নিয়ে পালিয়ে যায়।মুসলিম জুয়েলার্সের মালিক আবদুর রহিম মোড়ল (৩৩) জানান, ডাকাতেরা তাঁর দোকান থেকে দেড় ভরি সোনা, ৪০ ভরি রুপা, একটি টিভি ও চার হাজার টাকা নিয়ে গেছে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ঘটনাস্থল থেকে ১০টি গুলির খোসা, দুটি তাজা গুলিসহ একটি ম্যাগাজিন ও একটি টিভি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে।ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এ বি এম হুমায়ুন কবির বলেন, আহত পুলিশ সদস্যের মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তার বাসায় গতকাল ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা রান্নাঘরের গ্রিল ভেঙে বাসার ভেতরে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের আহত হয়েছেন।আবদুল কাদের জানান, ভোর সোয়া চারটার দিকে নগরের মঠপুকুরের বাসার রান্নাঘরের গ্রিল ভেঙে ছয়জন লোক ভেতরে ঢুকে। তারা প্রথমে তাঁর ভাগ্নে ও ছেলের কক্ষে ঢুকে তাদের বেঁধে ফেলে। একইভাবে বাসার কাজের ছেলেকেও বেঁধে ফেলে। তারপর সবাইকে ধরে তাঁর (আবদুল কাদের) কক্ষে আসে। ডাকাতদের একজন চাপাতি দিয়ে তাঁর কপালে আঘাত করলে তিনি পড়ে যান। এ সময় ডাকাতেরা বাসা থেকে সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও প্রায় দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গতকাল বিকেলে আবদুল কাদের বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন।