ডুমুরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তর বিলপাবলা এলাকায় গত শনিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মতিলাল শিকদার ওরফে মতো (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক মতিলালের আত্মীয় ও স্থানীয় ব্যক্তিরা জানান, মতিলালের বাড়ি উত্তর বিলপাবলা গ্রামে। পুলিশ ২১ অক্টোবর বাগেরহাটের চিতলমারী থেকে মতিলালকে গ্রেপ্তার করার পর শনিবার দিবাগত রাতে তাঁকে গুলি করে হত্যা করেছে।হত্যার অভিযোগ অস্বীকার করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, মতিলাল সন্ত্রাসী ‘মতো’ বাহিনীর প্রধান ও চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা। মতিলালের বিরুদ্ধে সহযোগী অধীরসহ চারটি হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র আইনে মামলা রয়েছে।ওসি আবদুল জলিলের ভাষ্যমতে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁরা খবর পান ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের খড়িয়া বিলে সন্ত্রাসীরা বৈঠক করছে। রাত দেড়টার দিকে তাঁরা সেখানে অভিযান চালান। টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিনিময় বন্ধ হলে ঘটনাস্থলে মতিলালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং একটি কাটা রাইফেল, ছয়টি গুলি ও বন্দুকের চারটি গুলির খোসা উদ্ধার করা হয়। মতিলালকে পরে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতিলাল দুই বছর ধরে গুটুদিয়ার বিলপাবলা এলাকার চিংড়িঘের থেকে চাঁদাবাজি ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে নিজের নামে একটি বাহিনী গড়ে তোলে। পরে ক্ষমতা নিয়ে বাহিনীর অন্যতম প্রধান অধীর মণ্ডলের সঙ্গে মতিলালের দ্বন্দ্ব হয়। ২ অক্টোবর উপজেলার খড়িয়া গ্রামের গোব্দা নদীর পাড় থেকে অধীরের লাশ উদ্ধার করা হয়। ওসি আবদুল জলিল বলেন, বন্দুকযুদ্ধে মতিলালের মৃত্যু ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ গতকাল হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে।