ডুলি-পালকি ছেড়ে মোড়া তৈরি করছেন আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের জোলাগাতি গ্রাম। পরেশ চন্দ্রের স্ত্রী শংকরী রানী দাস বাড়ির আঙিনায় বসে মোড়া তৈরি করছেন। পাশে ভাত রান্না করছেন তাঁর পত্রবধূ। তাঁরা গৃহস্থালির কাজের ফাঁকে ফাঁকে তৈরি করছেন মোড়া। পরেশ চন্দ্র দা দিয়ে বাঁশের শলা কেটে স্ত্রীর হাতে তুলে দিচ্ছেন। শংকরী বাঁশের শলাকায় বেটন পেঁচিয়ে তৈরি করছেন মোড়া। শুধু পরেশ-শংকরী দম্পতিই নন, তাঁদের মতো পাড়ার ৫০টি আদিবাসী পরিবারের সদস্যরা পূর্বপুরুষের পেশা ডুলি-পালকি বহন ছেড়ে মোড়া তৈরি করে জীবিকানির্বাহ করছেন। ধুনট উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুর্গম জোলাগাতি গ্রাম। এই গ্রামে প্রায় ৫০টি আদিবাসী পরিবারের (বাগদি সম্প্রদায়) বসবাস। একসময় অভাব তাঁদের নিত্যসঙ্গী ছিল। তাঁদের পূর্বপুরুষের পেশা ছিল ডুলি-পালকি বহন। নানা উন্নত যানবাহনের ভিড়ে এখানে প্রায় ২০ বছর আগেই বাহন হিসেবে ডুলি-পালকির বিলুপ্তি ঘটে। এরপর অভাবের কারণে অনেকে অন্য পেশায় যোগ দেন। ১৯৮২ সালের কথা। অভাবে পড়ে তখন পরিবার নিয়ে পরেশ চন্দ্র দেশ ছেড়ে ভারতে চলে যান। সেখানে দিনমজুরি করতেন আর কাজের অবসরে ভাই মধু চন্দ্রের কাছে মোড়া তৈরির কাজ শিখতেন। ছয় মাস পর দেশে ফিরে আসেন পরেশ। স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে কিছু ঋণ নিয়ে মোড়া তৈরির উপকরণ বাঁশ, প্লাস্টিকের বেটন ও পুরোনো টায়ার কিনে বাড়িতে বসেই শুরু করেন মোড়া তৈরির কাজ। মোড়া বিক্রি করে ভালো আয় হওয়ায় কিছু দিনের মধ্যেই বদলে যায় পরেশ চন্দ্রের ভাগ্য। তাঁর দেখাদেখি এখন এই পাড়ার ভবানী চন্দ্র, উজ্জ্বল চন্দ্র, মাধব চন্দ্র, দীপালি চন্দ্র, দিপতি রানী, শংকরী ইতি রানী, আন্না রানী, রতন চন্দ্রসহ প্রতিটি আদিবাসী পরিবার এখন মোড়া তৈরি করে জীবিকানির্বাহ করছে। তাঁরা জানান, একটি টেকসই মোড়া তৈরি করতে প্রায় ৩৫-৪০ টাকা খরচ হয়। একজন দৈনিক দুই থেকে তিনটি মোড়া তৈরি করতে পারেন। প্রতিটি মোড়া ৬০-৭০ টাকায় বিক্রি হয়। মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, জোলাগাতি গ্রামের আদিবাসী পরিবারের সদস্যদের বাপ-দাদার পেশা ছিল ডুলি-পালকি বহন। এখন তাঁরা মোড়া তৈরি করে ভালোভাবেই জীবিকানির্বাহ করছেন।