ডুয়েটে দিনব্যাপী গণিত উৎসব
গণিতের পথে বিজ্ঞানের সাথে—এ স্লোগান নিয়ে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত ও বিজ্ঞান ক্লাব গতকাল শুক্রবার ক্যাম্পাসে দিনব্যাপী গণিত উৎসবের আয়োজন করেছে। উৎসবের উদ্বোধন করেন উপাচার্য এম সবদার আলী।সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গণিতবিষয়ক প্রশ্নের ওপর চারটি ক্যাটাগরিতে পরীক্ষা হয়। জুনিয়র ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম ও নবম থেকে দশম শ্রেণী, সেকেন্ডারি ক্যাটাগরিতে এইচএসসি এবং গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় প্রশ্নোত্তর পর্বের। এতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান।পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপাচার্য এম সবদার আলী বলেন, ‘প্রকৌশল শিক্ষার অন্যতম মাধ্যম হলো গণিত। এ জন্য আমাদের গণিতকে ভয় না পেয়ে বেশি বেশি ভালোবাসতে হবে।’ মুনির হাসান বলেন, দেশটাকে মন থেকে ভালোবাসতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিত বিভাগের প্রধান হাকিম খান, ডুয়েটের তড়িত্ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল মান্নান, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান আবুল কাশেম, পদার্থবিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম কাউসার জামিল, যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, গণিত ও বিজ্ঞান ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দীন সুমন। উৎসবে অংশগ্রহণকারী ১০০ জনকে সনদ, ১২ জনকে মেডেল এবং চারজনকে ক্রেস্ট দেওয়া হয়।