ডুয়েটে পাল্টাপাল্টি কর্মসূচি, ক্যাম্পাসে ফের উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সাংবাদিক মারধরের ঘটনায় জড়িত ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করায় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন। তাঁরা আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস বর্জনসহ নানা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এদিকে ছাত্রলীগ এ কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ দাবি করে রাত পৌনে নয়টার দিকে একদল শিক্ষার্থী মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা ক্যাম্পাসের কদমতলায় প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরিফুল ইসলাম, জিহাদ হাসান ভুঁইয়া, আবদুর রহমান প্রমুখ। তাঁরা অভিযোগ করেন, তদন্ত ছাড়াই অন্যায়ভাবে ছয় শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। তাঁরা এ শাস্তি প্রত্যাহার এবং ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ দাবি করেন। দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা আজ সব ক্লাস ও পরীক্ষা বর্জন, আমরণ অনশন এবং বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন। এদিকে তাঁদের প্রতিহত করার ঘোষণা দিয়ে রাত সাড়ে নয়টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিল শেষে তারাও কদমতলায় সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন সন্ত্রাসীদের শাস্তি দিয়ে উচিত কাজ করেছে। তাঁরা বলেন, কোনোভাবেই ক্লাস-পরীক্ষা বন্ধ হতে দেওয়া হবে না। সভায় বক্তব্য দেন জাহিদুল হাসান রাহাত, শাকিব, নাহিদ তন্ময় প্রমুখ।