ডুয়েটে শিবির কর্মীকে মারধর ছাত্রলীগের কর্মীকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গতকাল শনিবার ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাঁরা ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির কক্ষে গেলে উল্টো ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা মোহাম্মদ লোকমান গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ সাই ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে। এটি দেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তাঁরা লোকমানকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে তাঁর কক্ষ তছনছ করেন। এরপর তাঁরা বিভিন্ন আবাসিক হলে গিয়ে শিবিরের তিন কর্মীকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা ড. ফজলুর রহমান খান হলে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরাগের কক্ষে গেলে তিনি ধারালো অস্ত্র দিয়ে রুম্মান নামের ছাত্রলীগের এক কর্মীকে জখম করেন। আহত ওই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরাগ ও শিবিরের চার কর্মীকে আটক করে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগের কর্মী জয়দেব দাস ও নাহিদ তন্ময় জানান, ছাত্রশিবির স্বাধীনতা দিবসে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে এ ঘটনা ঘটিয়েছে। এর আগে তারা ক্যাম্পাসের বাইরে গোপন বৈঠক করে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান শিবিরের পাঁচ নেতা-কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।