ডুয়েটে সাংবাদিক পেটানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সাংবাদিক পেটানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। তদন্তের স্বার্থে কমিটির সদস্যদের নাম প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, অতীতে বিভিন্ন ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও কোনো কাজ হয়নি। এবার সব শিক্ষক এ ঘটনার সুষ্ঠু বিচারের ব্যাপারে একমত হয়েছেন। তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।এ ঘটনায় গত বুধবার রাতে জয়দেবপুর থানায় ১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন ডুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্যপ্রযুক্তি ও গবেষণা উপসম্পাদক এন আলম জহির। আসামিদের নাম জানা যায়নি।এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত চলছে।গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কাজী নজরুল ইসলাম ছাত্রাবাসের নিজ কক্ষে সমকাল-এর ডুয়েট প্রতিনিধি জয়দেব দাশ ছাত্রলীগের ক্যাডারদের হাতে গুরুতর জখম হন। তাঁকে অচেতন অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতাল ও পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।