ডুয়েটের বৈদ্যুতিক সাব-স্টেশন বিকল, ভোগান্তি চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) একমাত্র বৈদ্যুতিক সাব-স্টেশনটি গতকাল সোমবার বিকল হয়ে পড়েছে। এর পর থেকে গোটা ক্যাম্পাসে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্যরা চরম ভোগান্তিতে পড়েন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে সাব-স্টেশনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে এটি মেরামতের পর দুপুরের দিকে বৈদ্যুতিক লাইন চালু করা হলে কয়েক মিনিটের মাথায় আবারও তা বিকল হয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটে। শিক্ষার্থীরা তাঁদের পড়ালেখা ও অন্যান্য কাজ করা নিয়ে চরম দুর্ভোগে পড়েন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেরামতকাজ চলছিল। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৯৮০ সালের দিকে সাব-স্টেশনটি স্থাপন করা হয়। এখানে ৩২০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার রয়েছে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুতের চাহিদা অনেক বেড়েছে। কিন্তু সেই তুলনায় সাব-স্টেশনের ক্ষমতা বাড়ানো হয়নি।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক মো. আবদুল মান্নান প্রথম আলোকে জানান, সাধারণত একটি ট্রান্সফরমারের আয়ুষ্কাল ২০ বছর পর্যন্ত হয়ে থাকে। সে হিসাবে ১০ বছর আগেই এর মেয়াদ শেষ হয়ে গেছে। এর ফলে এখানে নানা সমস্যা দেখা দিয়েছে। এটি ব্যবহারও ঝুঁকিপূর্ণ বলে তিনি জানান।