
দিনাজপুরের পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ১৫০ কিলোমিটার পথে ডুয়েলগেজ লাইন বসানোর কথা বলে শতবর্ষী গাছ হত্যা চলছে৷ রেল কর্তৃপক্ষ কাটার জন্য প্রায় ২০০ গাছ চিহ্নিত করলেও ঠিকাদার ও তাঁর লোকজন চার শতাধিক গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
সরেজমিনে দেখা গেছে, বিদ্যমান মিটারগেজ রেললাইনের পাশে ডুয়েলগেজ বসানোর কাজ শেষ৷ কিন্তু এখনো গাছ কাটা চলছে। বেশির ভাগ গাছই রেললাইন থেকে অনেক দূরে৷ ওই গাছগুলো কাটার কোনো প্রয়োজন ছিল না বলে মনে করেন অনেক রেল কর্মকর্তা ও স্থানীয় লোকজন৷
গাছ কাটার ঘটনায় চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এরশাদ হোসেন, স্থানীয় ব্যবসায়ী মকবুল হোসেন ও আবুল কালাম ২৪ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন৷ তাঁরা বলেছেন, লুটপাটের উদ্দেশ্যে পার্বতীপুর থেকে বিরল হয়ে পঞ্চগড় পর্যন্ত চার শতাধিক গাছ অবৈধভাবে কেটে ফেলা হয়েছে৷ এ ব্যাপারে রেল কতৃর্পক্ষের কাছে সঠিক তথ্য চাইলে তারা গরিমসি করে৷ তাঁরা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন৷ ইউএনও অভিযোগটি জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন৷
রেলওয়ের দিনাজপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ২০১১ সালে পার্বতীপুর থেকে পঞ্চগড় ১৫০ কিলোমিটার রেলপথ ডুয়েলগেজে উন্নীতকরণের কাজ শুরু হয়৷ এ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ঝুঁকিপূর্ণ গাছগুলো কাটার সিদ্ধান্ত হয়৷ এরপর জরিপ করে ওই ধরনের গাছ চিহ্নিত করা হয় এবং চিহ্নিত গাছ কাটতে দরপত্র আহ্বান করা হয়৷
রেলওয়ের কর্মকর্তারা জানান, রংপুরের কাউনিয়া উপজেলার হাসানুল ইসলাম নামের একজন ঠিকাদারকে গত বছরের আগস্ট মাসে প্রথম গাছ কাটার কার্যাদেশ দেয় রেলওয়ের লালমনিরহাট বিভাগ৷ এরপর ধাপে ধাপে কার্যাদেশ পেয়ে হাসানুল স্থানীয় কাঠ ব্যবসায়ীদের কাছে গাছগুলো বিক্রি করে দেন৷
তবে কত টাকায় কতটি গাছ বিক্রি করা হয়েছে, এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি রেলের লালমনিরহাট বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী আহসান জাবিদ৷ এমনকি ঠিকাদারও স্বীকার করেননি কত টাকায় কতটি গাছ কিনেছেন এবং এ পর্যন্ত কতটি গাছ কেটেছেন৷
আহসান জাবিদ বলেন, ‘আমি ২০১২ সালে যোগ দিয়েছি৷ এর আগের বছর গাছ কাটার দরপত্রের প্রক্রিয়া শুরু হয়৷ তবে অতিরিক্ত গাছ কাটার অভিযোগ পেয়েছি৷ বিষয়টি তদন্ত করা হচ্ছে৷’
জানতে চাইলে ঠিকাদার হাসানুল ইসলাম বলেন, রেলপথের দুই পাশে যেসব গাছ কাটা হবে, এগুলো ২০টি ভাগে ভাগ করে পর্যায়ক্রমে কার্যাদেশ দেওয়া হচ্ছে৷ তিনি গাছগুলো স্থানীয় ঠিকাদারদের কাছে বিক্রি করেছেন৷ তাঁরা কয়টি করে গাছ কেটেছেন, তা তিনি জানেন না৷
অনুসন্ধানে জানা গেছে, ১৫০ কিলোমিটার পথের জরিপকাজ করেন রেলের দুই ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পূর্ত)। এর মধ্যে নারায়ণ প্রসাদ সরকার দিনাজপুরের
পার্বতীপুর থেকে বিরল এবং মো. তারিকুল ইসলাম দিনাজপুরের কাঞ্চন জংশন থেকে পঞ্চগড় পর্যন্ত জরিপের কাজ করেন। তারিকুল ইসলাম বলেন, ‘চিহ্নিত করা দুই শতাধিক গাছের বেশির ভাগই কাটা হয়েছে। চিিহ্নত করার বাইরে কোনো গাছ কাটার বিষয়ে তিন খোঁজ নিয়ে দেখেননি৷
প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, তিনি ১১৯টি গাছ চিহ্নিত করেছেন৷ এর মধ্যে ১০২টি কাটা হয়েছে। কাউগাঁ ও চিরিরবন্দরে গাছ চিহ্নিত করা হলেও কার্যাদেশ দেওয়া হয়নি৷ তবু ঠিকাদার ও তাঁদের লোকজন অনেক গাছ কেটে নিয়ে গেছেন৷ অবৈধভাবে গাছ কাটার অভিযোগে এনে গত ২০ এপ্রিল তিনি চিরিরবন্দর থানায় মামলা করেন৷ তবে ওই মামলায় ঠিকাদার হাসানুলকে আসামি করা হয়নি।
গত ২০ ও ২১ এপ্রিল মন্মথপুর, চিরিরবন্দর, কাউগাঁ স্টেশন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় ২২ কিলোমিটারের মধ্যে ৯৩টি গাছ কাটা পড়েছে৷ অনেক স্থানে গোড়াসহ গাছ কাটার পর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এসব গাছের বেশির ভাগই রেললাইন থেকে ১০০ থেকে ২০০ গজ দূরে৷ চিরিরবন্দর স্টেশন সীমানার বাইরে প্রায় ৫০ মিটার দক্ষিণে শিমুলতলী বাজার৷ বাজারের মধ্যে রেলের জমিতে ছিল ১৫০ বছরের বেশি বয়সী একটি শিমুলগাছ৷
স্টেশন থেকে প্রায় ৩০০ মিটার পশ্চিমে ও লাইন থেকে ৫০ মিটার দক্ষিণে কবরস্থান৷ সেই কবরস্থানে বড় পাঁচটি শিমুল ও একটি পিঠালিগাছ৷ এসব গাছ কেটেছেন চিরিরবন্দরের কাঠ ব্যবসায়ী আমিনুল ইসলাম। ১৯ এপ্রিল তিনি চিরিরবন্দর ডিগ্রি কলেজ সড়কে আটটি আম ও একটি কাঁঠালগাছ কাটতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন।
আমিনুল বলেন, ঠিকাদার হাসানুল তাঁকে ৭৯ হাজার টাকায় আটটি আম, ছয়টি শিমুল, একটি কাঁঠাল ও একটি পিঠালিগাছ কাটার অনুমতি দিয়েছেন।
কাউগাঁ এলাকায় রেললাইন থেকে প্রায় ৩০ থেকে ৪০ মিটার দূরে রেলওয়ের জমিতে থাকা বড় বড় গাছ কেটে নেওয়া হয়েছে। কাউগাঁ স্টেশনমাস্টার সৈয়দ আবুল হোসেন বলেন, প্ল্যাটফর্ম এলাকায় পাঁচটি বড় কড়ই, দুটি আম ও একটি শিমুলগাছ ছাড়াও রেলপথের বাইরে থাকা ৪০টির বেশি গাছ কাটা হয়েছে। এর মধ্যে অনেক গাছ রেলের চিহ্নিত। ডুয়েলগেজ করতে ওই গাছগুলো কাটার কোনো প্রয়োজন ছিল না। এ ছাড়া রেল কতৃর্পক্ষ চিহ্ন দেওয়ার পর ঠিকাদারের লোকজন অতিরিক্ত অনেক গাছ চিহ্ন দিয়ে কেটে নিয়ে গেছেন।