ডেইলি শপিংয়ে নিত্যদিনের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলক্ষেতে চেইন শপ ডেইলি শপিংয়ের আউটলেট থেকে পণ্য কিনছেন এক ক্রেতা। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো
রাজধানীর খিলক্ষেতে চেইন শপ ডেইলি শপিংয়ের আউটলেট থেকে পণ্য কিনছেন এক ক্রেতা। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো

দুই টাকার ক্যান্ডি আর ৫২ হাজার টাকার টেলিভিশন যাই বলুন না কেন, সবই পাবেন এক ছাদের নিচে। সবজি, মাছ, পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যও রয়েছে এই দোকানে। আর হাত বাড়ালেই কসমেটিকস কিংবা স্ন্যাকস তাও পাচ্ছেন। এককথায় চেইন শপ ‘ডেইলি শপিং’-এ সারতে পারেন সব কেনাকাটা।

এলাকার নিকটস্থ আউটলেট হিসেবে ইতিমধ্যে ডেইলি শপিং নগরবাসীর আস্থা অর্জন করেছে। গ্রোসারি পণ্য, কাঁচা বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য তাঁরা পৌঁছে দিচ্ছে ভোক্তার দোরগোড়ায়ও। সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে ডেইলি শপিং। এখান থেকে প্রতিদিন ৫০ হাজারের বেশি ভোক্তার বাড়িতে পণ্য পৌঁছে দেওয়া হয়। ডেইলি শপিং সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পণ্য সংগ্রহ করে। তাই পণ্যের গুণগত মান নিয়ে ভোক্তার চিন্তার কোনো কারণ নেই।

‘হাতের নাগালে সহজে সবকিছু’—এই স্লোগান নিয়ে ২০১৪ সালে মধ্যবাড্ডায় ডেইলি শপিংয়ের প্রথম আউটলেটের যাত্রা শুরু হয়। এখন মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, খিলক্ষেত, বাসাবো, বাড্ডা, বনশ্রী, দক্ষিণ যাত্রাবাড়ী, ফরিদাবাদ, সূত্রাপুর, মীর হাজীরবাগ, লালবাগসহ নগরের বিভিন্ন স্থানে ৪৬টি আউটলেট রয়েছে। এই আউটলেটগুলোতে প্রায় ৩ হাজার ৮০০টি পণ্য পাওয়া যায়।

ডেইলি শপিংয়ের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মো. মিরাজ সরকার প্রথম আলোকে বলেন, সাধারণত সুপারশপগুলো বেশ দূরে দূরে থাকে। আর ডেইলি শপিংয়ের ভাবনাটা হচ্ছে প্রয়োজনীয় পণ্যগুলো ভোক্তার ঘরের দুয়ারে নিয়ে যাওয়া। এর আউটলেটগুলো সুপার শপের মতো অত বড় নয়, আবার মুদি দোকানের মতো ছোটও নয়। সুপার শপে যেমন সব পাওয়া যায় তেমনি ডেইলি শপিংয়েও মিলবে সবকিছু। ফল, শাকসবজি, মাছ, মাংসসহ দেশি পণ্যের সমাহার যেমন আছে, তেমনি বিদেশি চকলেট, চিপস, স্ন্যাকস, জুস, ফ্রোজেন ফুড এবং পার্সোনাল কেয়ার আইটেম। আছে ঘর সাজানোর পণ্য, সব বয়সীদের পোশাক। রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত ছোট-বড় প্রায় সব রকমের রান্নার অনুষঙ্গ পাওয়া যাচ্ছে ডেইলি শপিংয়ে। এখানে পাওয়া যায় রুম হিটার, টেলিভিশন, বৈদ্যুতিক বাতি, ফ্যান, ইস্ত্রির মধ্য পণ্যগুলোও।

পণ্যের দাম পরিশোধ করতে ডেইলি শপিংয়ে ক্রেতাদের জন্য রয়েছে একাধিক সুবিধা। এজেন্ট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পণ্য কেনার সুবিধা। অনলাইনেও ডেইলি শপিংয়ের পণ্য কেনার ফরমাশ দিতে পারবেন। বিতরণ চার্জও কম, ৪০ টাকা। আর ২ হাজার টাকার বেশি কেনাকাটা করলে কোনো চার্জ নেই। এখানে বিনা মূল্যে কাস্টমার সার্ভিস পেতে সদস্য হওয়া যায়। প্রতিবার শপিং করার সঙ্গে সঙ্গেই পয়েন্ট যোগ হয় সদস্যদের অ্যাকাউন্টে। আর প্রতি ৫০ পয়েন্ট (১ পয়েন্ট= ১ টাকা) জমা হলে তা বিলের সঙ্গে সমন্বয় করা হয়। তা ছাড়া এখানে কেনাকাটার জন্য ভোক্তাদের ভ্যাট দিতে হয় না।

খিলক্ষেত আউটলেটে কথা হয় আইনজীবী শাহরিমা মহলের সঙ্গে। তিনি লেকসিটি কনকর্ডে থাকেন। কোনো কিছুর দরকার হলে ডেইলি শপিংয়েই আসেন। তিনি বলেন, ‘শুরু থেকে এই আউটলেটের সদস্য আমি। কেনাকাটায় তাই অনেক ছাড় পাওয়া যায়। দূরে কোথাও যেতে হয় না। এখানেই সব পাওয়া যায়।’