ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেইলি স্টার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা l প্রথম আলো
ডেইলি স্টার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা l প্রথম আলো

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে নিবেদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করার লক্ষ্যে চালু হলো ‘দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস’। ইংরেজি দৈনিক ডেইলি স্টার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), মাইক্রোসফট ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় প্রথমবারের মতো এই পুরস্কার চালু হলো।
ডেইলি স্টার মিলনায়তনে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, আইসিটি খাত বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব দেবে। এই খাতে যেমন রয়েছে সরকারের কার্যকর পৃষ্ঠপোষকতা, তেমনি তরুণেরাও এই খাতে ভালো করছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসেইন বলেন, ‘সেরা প্রতিষ্ঠানকে সবার সামনে তুলে ধরতে হবে। রোল মডেলগুলোকে সবার সামনে তুলে ধরলে অন্যরা উৎসাহিত হবে। এই অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে অনেক আইসিটি প্রতিষ্ঠান উৎসাহিত হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ছয়টি বিষয়ের ওপর ‘দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস’ দেওয়া হবে। এই খাতগুলো হচ্ছে আইসিটি সল্যুশন প্রোভাইডার অব দ্য ইয়ার-লোকাল মার্কেট ফোকাস, আইসিটি সল্যুশন প্রোভাইডার অব দ্য ইয়ার-ইন্টারন্যাশনাল মার্কেট ফোকাস, আইসিটি প্রোডাক্ট অব দ্য ইয়ার, আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার, ই-বিজনেস অব দ্য ইয়ার, আইসিটি পারসন অব দ্য ইয়ার।
পুরস্কারের বিভাগ, মনোনয়ন ফরম ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে http://www.thedailystar.net/ ICT-awards এই ঠিকানায়। মনোনয়ন ফরম ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। প্রাপ্ত মনোনয়ন বাছাই করবেন জুরিবোর্ডের সদস্যরা। বিজয়ীদের নাম ২০১৬ সালের জানুয়ারি মাসে ঘোষণা করা হবে। অনুষ্ঠানে মাইক্রোসফটের এদেশীয় ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া
বশির কবির, বেসিসের সভাপতি শামীম আহসান ও হসপিটালিটি পার্টনার লে মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক আশওয়ানী নায়ার বক্তৃতা করেন।