ডেইলি স্টার-এইচএসবিসি জুনিয়র ক্লাইমেট চ্যাম্পিয়নশিপের বিভাগীয় প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কলেজিয়েট স্কুলে গতকাল শুক্রবার আয়োজন করা হয় ডেইলি স্টার-এইচএসবিসি জুনিয়র ক্লাইমেট চ্যাম্পিয়নশিপের বিভাগীয় পর্বের দিনব্যাপী অনুষ্ঠান।

আগামী প্রজন্মের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও এইচএসবিসি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পরিবেশ বিপর্যয় সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা রাখতে হবে। তোমাদের জানতে হবে জলবায়ু এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে।’

জাফর আলম বলেন, এ ধরনের পরিবেশ সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার মনোবল তৈরি হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল কিবরিয়া, অলক পাল, বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক জাহেদ আলী যুবরাজ, শায়লা শারমীন, এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল জুবায়ের।

জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) ও সিনিয়র (নবম থেকে দশম শ্রেণি) দুটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জলবায়ু এবং জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা, পোস্টার ও চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, পরিবেশবিষয়ক বিভিন্ন প্রকল্পের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৫০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ৪০ জন প্রতিযোগীর মধ্যে প্রতিটি বিভাগ থেকে ১০ জনকে গ্রিন কার্ড দেওয়া হয়। তারা সবাই ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।