ডেইলি স্টার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে এইচআরএফবির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের একটি পোস্টারের ছবি ছাপানোয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে গভীর উদ্বেগ জানিয়েছে দেশের ১৯টি মানবাধিকার সংগঠনের মোর্চা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
গতকাল সোমবার ফোরামের আহ্বায়ক সুলতানা কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর এ বক্তব্য গণমাধ্যমের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে দেশের প্রধান নির্বাহীর দেওয়া এই বক্তব্য সরকারের সর্বোচ্চ নীতির প্রতিফলন। একটি সত্য বিষয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে অবহিত করার কারণে একটি সংবাদপত্রের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য কোনোভাবেই একটি গণতান্ত্রিক সরকারের চরিত্রের সঙ্গে মানানসই নয়।
বিজ্ঞপ্তিতে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ আশা করেছে, গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে। সরকারসহ সবাই তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে কি না, সে ব্যাপারে জনগণকে অবহিত করাই গণমাধ্যমের দায়িত্ব। গণমাধ্যম অবশ্যই জবাবদিহির ঊর্ধ্বে নয়, কিন্তু সেই জবাবদিহি নিশ্চিত করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, কোনো অগণতান্ত্রিক পন্থায় নয়।
হিউম্যান রাইটস ফোরামের অন্তর্ভুক্ত সংগঠনের মধ্যে রয়েছে আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বিলস, ব্লাস্ট, মানুষের জন্য ফাউন্ডেশন, টিআইবি, নিজেরা করি প্রভৃতি। বিজ্ঞপ্তি।