ডেইলি স্টার বন্ধের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন
জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার বন্ধ করা এবং সম্পাদক মাহ্ফুজ আনামের গ্রেপ্তারের দাবিতে এবার মানববন্ধন করেছে ঢাকা-১০ সংসদীয় এলাকার ছাত্রলীগ।
গতকাল সোমবার জিগাতলায় এই মানববন্ধন করে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ ও টিচার্স ট্রেনিং কলেজ শাখার ছাত্রলীগের নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে একটি মিছিল বের করেন তাঁরা।
এর আগের দিন রোববার জাতীয় সংসদে ঢাকা-১০ আসনের সাংসদ শেখ ফজলে নূর তাপসসহ কয়েকজন সাংসদ পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত আলোচনায় দ্য ডেইলি স্টার বন্ধের দাবি জানান। তাঁর পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন।
এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চেয়েছেন।