ডেইলি স্টারের উদ্যোগে আর্ট ক্যাম্প ‘ছবির হাট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে সারি সারি ইজেল। প্রতিটি ইজেলের সামনে দাঁড়িয়ে ক্যানভাসে রং চড়াতে ব্যস্ত শিল্পীরা। ক্যাম্পাসের চিরচেনা কোলাহল নেই। সবাই নিবিষ্ট ছবি আঁকায়। ইনস্টিটিউটের সামনের উঠোন, বারান্দা ও ক্লাসরুমে চলছে ছবি আঁকার এই উৎসব।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে ডেইলি স্টার পত্রিকার উদ্যোগে ‘অদম্য চট্টগ্রাম’ উৎসব উপলক্ষে দুই দিনের আর্ট ক্যাম্প শুরু হয়েছে। এই আর্ট ক্যাম্পে চট্টগ্রামের নবীন ও প্রবীণ ৬০ জন শিল্পী অংশ নেন। ‘চলুক লাগাতার উৎসব’—এ স্লোগান নিয়ে শুরু হওয়া আর্ট ক্যাম্পে আঁকা ছবি প্রদর্শিত হবে ‘অদম্য চট্টগ্রাম’ উৎসবে।এর আগে গতকাল সকাল নয়টায় ‘ছবির হাট’ নামের এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন অধ্যাপক আবুল মনসুর, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক জসীম উদ্দীন, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম।আনিসুজ্জামান বলেন, ‘এই আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা দেশের শিল্পানুরাগীদের সামনে চট্টগ্রামকে নতুনভাবে তুলে ধরতে পারবেন।’আবুল মনসুর বলেন, ‘চট্টগ্রামের বহু শিল্পী এখন কর্মসূত্রে দেশের নানা অঞ্চলে বসবাস করছেন। এঁদের অনেকে এই ক্যাম্পে যোগ দিয়েছেন।’মাহ্ফুজ আনাম বলেন, ‘ঐতিহাসিক কাল থেকে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র ছিল। এখানে পর্তুগিজ, আরব ও ইংরেজরা এসেছে। চট্টগ্রামের সাংস্কৃতিক বৈচিত্র্যে তাই নানা মাত্রা যুক্ত হয়েছে। আজকের আর্ট ক্যাম্প এই বৈচিত্র্যই তুলে ধরবে।’আবুল মোমেন বলেন, ‘চট্টগ্রামের হাজার বছরের নাগরিক সংস্কৃতি থাকলেও তাকে তুলে ধরার উদ্যোগ নেই। ডেইলি স্টার চট্টগ্রামের শিল্পীদের নিয়ে এ কাজটিই করছে।’জসীম উদ্দীন বলেন, ‘চট্টগ্রামের শিল্পীরা বহু দিন পর এক হয়ে উৎসবের আমেজে এই ক্যাম্পে অংশ নিচ্ছেন। ক্যাম্পে আঁকা ছবিগুলো থেকে বাছাই ছবির প্রদর্শনী হবে “অদম্য চট্টগ্রাম” উৎসবে।’ শিল্পী হাসি চক্রবর্তী, কে এম এ কাইউম, আনসার আলী, নাসিম আক্তার, সুফিয়া বেগম, শায়লা শারমিন, দিলারা বেগম জলি, আলপ্তগীন তুষার, নিলুফার চমন, জাহেদ আলী চৌধুরী, তাসাদ্দুক হোসেন, সঞ্জীব দত্তসহ নবীন ও প্রবীণ শিল্পীরা এ ক্যাম্পে অংশ নেন।