ডেইলি স্টারের ছিনতাই হওয়া নিউজপ্রিন্ট উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে ছিনতাই হওয়া ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর বিপুল পরিমাণ নিউজপ্রিন্ট গত বৃহস্পতিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জের জমিদারহাট বাজার থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শুক্রবার তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফেনীর দাগনভূঞয়ার মো. বাকের, মো. অহিদ এবং লক্ষ্মীপুরের মিজানুর রহমান।পুলিশ জানায়, গত বুধবার রাতে চট্টগ্রাম বন্দর থেকে ডেইলি স্টার পত্রিকার নিউজপ্রিন্ট বোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে চট্টগ্রামের কদমতলী এলাকা থেকে ছিনতাই হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে পরিবহনের মালিক সুজন সাহা বাদী হয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানায় অজ্ঞাত পরিচয় ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, মামলা দায়েরের পরই তাঁরা এই বিষয়ে খোঁজ নিতে শুরু করেন। প্রথমে কুমিল্লা সদর দক্ষিণের লালমাই এলাকায় সড়কের ওপর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সন্ধ্যায় অন্য একটি ট্রাকের চালক ছিনতাই হওয়া ট্রাকটি থেকে জমিদারহাট এলকায় নিউজপ্রিন্টের রোল নামাতে দেখার ঘটনা জানান। এরপর স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে জমিদারহাট পূর্ববাজারের নয়ন রাইস মিলের গুদামে নিউজপ্রিন্টের ২৪টি রোল পাওয়া যায়।রাতেই চট্টগ্রাম থেকে মামলার তদন্ত কর্মকর্তা জমিদারহাট আসেন। সকালে নয়ন রাইস মিলের মালিক নুর মোহাম্মদ স্বপনের সহায়তায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত বাকের ও অহিদকে সেনবাগের ছমিরমুন্সীরহাট এলাকা থেকে আটক করা হয়। তাঁদের নিয়ে কাগজ বিক্রির টাকা লেনদেনের কথা বলে মুঠোফোনের মাধ্যমে নোয়াখালী শহরের কিরণ হোটেলের কাছে ডেকে এনে আটক করা হয় লক্ষ্মীপুরের মিজানকে।তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া তিনজনই আন্তজেলা ছিনতাইকারী দলের সদস্য।