ডেকে ডেকে সবজি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের কারণে সবজি নিয়ে বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। জেলার বাইরে থেকে পাইকারেরা বাজারে আসতে না পারায় সবজি পচে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে নামমাত্র মূল্যে ক্রেতাদের ডেকে ডেকে সবজি বিক্রি করছেন কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে কৃষকেরা ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বরবটিসহ বিভিন্ন সবজি চাষ করেছেন। কৃষকেরা এসব সবজি গোবিন্দনগর পাইকারি বাজারে আনলে এখান থেকে পাইকারেরা কিনে বড় বড় শহরে সরবরাহ করেন।
সরজেমিনে দেখা গেছে, অবরোধের কারণে গতকাল শনিবার গোবিন্দনগরের সবজির বাজার অনেকটাই ফাঁকা দেখা গেছে। যেসব কৃষক অবরোধ এড়িয়ে বাজারে সবজি এনেছেন, তাঁদের বেশ কম দামে বিক্রি করতে হচ্ছে। অনেকে বিক্রি করতে না পেরে সবজি স্তূপ করে রেখেছেন। অনেক সবজি পচে গেছে।
সবজিচাষি আহাদ আলী বলেন, দুই বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন। গত বছর পাইকারি ১৫-২০ টাকা কেজি দরে জমিতে বসেই কপি বিক্রি করেছেন। কিন্তু এখন দুই কেজি ফুলকপি সাত থেকে আট টাকা দরে বিক্রি করতে হচ্ছে। আগামীকাল এনজিও থেকে আনা ঋণের কিস্তি দিতে হবে। তাই তিনি বাজারে সবজি নিয়ে আসেন। পাইকারেরা না থাকায় তিনি লোকজনকে ডেকে ডেকে অর্ধেক দামে ফুলকপি বিক্রি করেছেন।
সদর উপজেলার আকচা গ্রামের কৃষক আবদুল লতিফ বলেন, ‘এক বিঘা জমিত শিম লাগাইছিনু। গেল বছর খেতত বসিয়া শিম বেচিছি ২২ টাকা কেজি। এই বছর আড়তে আনিয়াও সাত-আট টাকা কেজি দরেও শিম বেচা যাছেনি।’
সবজি ব্যবসায়ী গোলাম আলী জানান, ঢাকাসহ অন্য জেলায় কয়েক শ পণ্যবাহী ট্রাক ঠাকুরগাঁওয়ে এসে সবজি নিয়ে যায়। হরতাল-অবরোধের সময়ে সবজিবাহী ট্রাকে হামলা হওয়ায় বাইরের কোনো পাইকার আসছেন না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা।
সবজি ব্যবসায়ী পরিমল সরকার জানান, হরতাল-অবরোধে ট্রাকভাড়া তিন গুণ বেড়েছে। স্থানীয় পাইকারেরা পচে যাওয়ার আশঙ্কায় মাল কিনছেন না। যা বিক্রি হচ্ছে, তাও আবার অর্ধেক দামে।